দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে রাজধানীর ২৫৭টি পূজামণ্ডপে দিনরাত ২৪ ঘণ্টা পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। মণ্ডপের গুরুত্ব ও দর্শনার্থীর উপস্থিতি বিবেচনায় চার শ্রেণিতে ভাগ করে নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে। এ দায়িত্বে নিয়মিত পুলিশ সদস্যদের বাইরে অতিরিক্ত ২ হাজার ৭২ জন পুলিশ সদস্য মোতায়েন থাকবেন।
শুক্রবার (১৬ অক্টোবর) সকালে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।
তিনি জানান, প্রতিটি পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি চালানো হবে। গুরুত্বপূর্ণ মণ্ডপের প্রবেশপথে বসানো হয়েছে আর্চওয়ে। যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সোয়াট, বম্ব ডিসপোজাল টিম, ডগ স্কোয়াড ও ক্রাইম সিন ইউনিট প্রস্তুত থাকবে। বিজয়া দশমীতে ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে ওয়াইজঘাট পর্যন্ত প্রতিমা বিসর্জন শোভাযাত্রায়ও বিশেষ নিরাপত্তাব্যবস্থা থাকবে বলে জানান ডিএমপি কমিশনার।
সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো ঠেকাতে সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে। কোনো সন্দেহজনক ঘটনা নজরে এলে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে অথবা নিকটস্থ থানায় জানানোর আহ্বান জানান তিনি।
পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে পূজা উদযাপন কমিটি, স্বেচ্ছাসেবক ও ভক্তদের সহযোগিতা কামনা করেছে পুলিশ। প্রেস ব্রিফিংয়ে ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।




