বাংলাদেশ সেনাবাহিনীর সাতটি ইউনিটকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড (জাতীয় পতাকা) প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেনাবাহিনীর পেশাগত উৎকর্ষ, গৌরবোজ্জ্বল অবদান ও সাফল্যের স্বীকৃতিস্বরূপ রোববার সকালে সাভার সেনানিবাসে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব ইউনিটের সদস্যদের অভিনন্দন জানান।
প্রধানমন্ত্রী বলেন, ন্যাশনাল স্ট্যান্ডার্ড শুধু একটি পতাকা নয়; এটি সংশ্লিষ্ট ইউনিটের ঐতিহ্য, শৃঙ্খলা, আত্মত্যাগ ও পেশাদারিত্বের প্রতীক। জাতীয় পতাকার মর্যাদা রক্ষা করা প্রত্যেক সৈনিকের পবিত্র দায়িত্ব। এই সম্মান অর্জনের মধ্য দিয়ে অর্পিত দায়িত্ব আরও নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে পালনের অঙ্গীকার নতুন করে নিতে হয়।
ন্যাশনাল স্ট্যান্ডার্ড পাওয়া ইউনিটগুলো হলো ৭ ও ৩২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, ২৫ এয়ার ডিফেন্স রেজিমেন্ট, ৯ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন, ৫৬ ও ৫৭ ইস্ট বেঙ্গল এবং প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর)।
আধুনিক সেনাবাহিনী গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, একটি বাহিনীর প্রকৃত শক্তি শুধু অস্ত্র, সরঞ্জাম ও জনবলে সীমাবদ্ধ নয়। শৃঙ্খলা, দক্ষতা, নেতৃত্ব, নৈতিকতা, প্রশিক্ষণ এবং জনগণের আস্থাও গুরুত্বপূর্ণ। পরিবর্তিত বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতিতে সাইবার স্পেস, ড্রোন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ইলেকট্রনিক যুদ্ধের মতো প্রযুক্তিনির্ভর সক্ষমতা প্রতিরক্ষা প্রস্তুতির গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। এ বাস্তবতায় সশস্ত্র বাহিনীকে আধুনিক ও সময়োপযোগী করে গড়ে তোলার কার্যক্রম অব্যাহত রাখার কথা জানান তিনি।
প্রধানমন্ত্রী দেশীয় প্রতিরক্ষা শিল্প গড়ে তোলা এবং প্রয়োজনীয় অস্ত্র, গোলাবারুদ ও প্রতিরক্ষাসামগ্রী উৎপাদনের সক্ষমতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেন। একই সঙ্গে মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর অবদান স্মরণ করে তিনি স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষায় দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। সেনাবাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে।
অনুষ্ঠান শেষে ফেরার পথে প্রধানমন্ত্রী ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজারে সবুজায়ন ও সৌন্দর্যবর্ধন কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় তিনি বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন এবং রোপণ করা গাছের যথাযথ পরিচর্যার বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। কর্মসূচিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমান উল্লাহ আমান, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতানা সালাহউদ্দিন টুকু এবং ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম উপস্থিত ছিলেন।
ক্যাপশন: সাভার সেনানিবাসে সেনাবাহিনীর সাতটি ইউনিটকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।




