উন্নয়নকাজে কোনো ধরনের কমিশন বাণিজ্য বরদাশত করা হবে না বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোঃ আসাদুজ্জামান। তিনি বলেছেন, সরকারি বরাদ্দ জনগণের করের অর্থ। তাই উন্নয়ন প্রকল্পের কাজের মান ও স্বচ্ছতা নিশ্চিত করতে স্থানীয় জনগণকেও নজরদারি করতে হবে। কোথাও অনিয়ম হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ জানাতে হবে।
শুক্রবার (১৬ অক্টোবর) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশে ঢাকাস্থ শৈলকূপা উপজেলার ৩ নম্বর দিগনগর ইউনিয়ন কল্যাণ সংস্থার বার্ষিক সাধারণ সভা-২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, জনপ্রতিনিধিদের একার পক্ষে এলাকার সব সমস্যার সমাধান করা সম্ভব নয়। এ জন্য সামাজিক সংগঠন ও সচেতন নাগরিকদের এগিয়ে আসতে হবে। জনগণের মতামত, গঠনমূলক সমালোচনা ও পরামর্শ জনপ্রতিনিধিদের দায়িত্ব পালনে সহায়তা করে। সড়ক বা অবকাঠামো নির্মাণে নিম্নমানের কাজ হলে সংশ্লিষ্ট ঠিকাদার ও প্রকৌশলীর বিরুদ্ধে অভিযোগ জানানোর আহ্বান জানান তিনি।
প্রশাসনিক কাজে স্বচ্ছতা বাড়ানোর উদ্যোগ তুলে ধরে মন্ত্রী বলেন, ঢাকা শহরে সাব-রেজিস্ট্রার বদলির ক্ষেত্রে লটারি পদ্ধতি চালু করা হয়েছে। বদলি প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং এ নিয়ে নেতিবাচক ধারণা দূর করাই এ উদ্যোগের লক্ষ্য।
মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, শৈলকূপায় মাদকের বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি গ্রহণ করা হয়েছে। অপরাধের ক্ষেত্রে দলীয় পরিচয় বা প্রভাব বিবেচনায় না নিয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। অপরাধের তদন্ত ও বিচারপ্রক্রিয়ায় রাজনৈতিক প্রভাব বিস্তারের চেষ্টাও প্রতিহত করতে হবে।
রাজনৈতিক প্রতিহিংসা, বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট ও মানুষকে সংঘবদ্ধভাবে হেনস্তা করার বিরুদ্ধেও অবস্থান নেওয়ার আহ্বান জানান আইনমন্ত্রী। তিনি বলেন, অপরাধ ও দুর্নীতির বিরুদ্ধে নিরপেক্ষ অবস্থান বজায় রেখে ন্যায়বিচার ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় সবাইকে কাজ করতে হবে।
শৈলকূপার উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী জানান, উপজেলার বিভিন্ন এলাকায় সড়ক উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে। সম্প্রতি আরও প্রায় ৩৯৫টি সড়ক স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সড়ক তালিকাভুক্তির আওতায় এসেছে। আগামী পাঁচ বছরে এসব সড়কের উন্নয়নের মাধ্যমে উপজেলার যোগাযোগব্যবস্থায় অগ্রগতি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকাস্থ শৈলকূপা উপজেলার ৩ নম্বর দিগনগর ইউনিয়ন কল্যাণ সংস্থার সভাপতি বীর মুক্তিযোদ্ধা জেড এ ওয়াহেদ। সাবেক সচিব খন্দকার শহিদুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তি ও সংস্থার সদস্যরা এতে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন।




