দুর্নীতি প্রতিরোধের পাশাপাশি রাষ্ট্র ও সমাজে স্বচ্ছতা, জবাবদিহি এবং আইনের শাসন প্রতিষ্ঠায় তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
শুক্রবার রাজধানীর বাংলাদেশ জাতীয় সংসদের এলডি হলে ফিউচার বাংলাদেশ আয়োজিত ‘বাংলাদেশ ইয়ুথ মডেল ইউনাইটেড নেশনস ২০২৬’ সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
ডেপুটি স্পিকার বলেন, ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তুলতে শুধু ব্যক্তিগত দক্ষতা ও যোগ্যতা অর্জন যথেষ্ট নয়। গণতান্ত্রিক মূল্যবোধ, মৌলিক মানবাধিকার ও জবাবদিহি প্রতিষ্ঠায়ও তরুণদের এগিয়ে আসতে হবে। শুধু জিপিএ-৫ অর্জনের প্রতিযোগিতায় সীমাবদ্ধ না থেকে সৃজনশীলতা, ইতিবাচক চিন্তা ও অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিভঙ্গির বিকাশ ঘটানোর ওপর গুরুত্ব দেন তিনি।
দেশের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে তরুণদের নেতৃত্বের কথা তুলে ধরে কায়সার কামাল বলেন, সামাজিক মর্যাদা, সমতা ও সমান সুযোগের আকাঙ্ক্ষা তরুণদের বারবার আন্দোলনে সম্পৃক্ত করেছে। ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে নিহতদের অনেকেই তরুণ ছিলেন উল্লেখ করে তিনি তাদের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেন।
তিনি বলেন, মতভিন্নতা গণতন্ত্রের স্বাভাবিক অংশ। নেতৃত্ব মানে শুধু নিজের মত প্রতিষ্ঠা করা নয়; অন্যের যুক্তি বোঝা, মত প্রকাশের সুযোগ দেওয়া এবং পারস্পরিক সহযোগিতা নিশ্চিত করাও নেতৃত্বের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য।
উচ্চশিক্ষার জন্য বিদেশে গেলেও অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা নিয়ে দেশে ফিরে উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান ডেপুটি স্পিকার। পাশাপাশি তরুণদের সংসদ অধিবেশন পর্যবেক্ষণের পরামর্শ দিয়ে তিনি বলেন, এতে রাষ্ট্র পরিচালনা, নীতিনির্ধারণ ও গণতান্ত্রিক প্রক্রিয়া সম্পর্কে বাস্তব ধারণা তৈরি হবে।
দুই দিনব্যাপী এ সম্মেলনে দেশের ৬৪ জেলা থেকে আসা দুই শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৫০০ তরুণ প্রতিনিধি অংশ নিচ্ছেন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপদেষ্টা ও মুখপাত্র মাহদী আমিন, প্রধানমন্ত্রীর এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. এস এম আব্দুল-আওয়াল এবং ব্র্যাক ইউনিভার্সিটির রেজিস্ট্রার ড. ডেভিড ডোলান্ড।




