বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রয়াত প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন তার সাবেক সহকর্মী, প্রবাসী সাংবাদিক ও যুক্তরাজ্যের বাংলাদেশি কমিউনিটির প্রতিনিধিরা।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) স্থানীয় সময় জোহরের নামাজের পর পূর্ব লন্ডনের ব্রিকলেইন মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য মসজিদ প্রাঙ্গণে তার কফিন রাখা হয়।
২০০০ থেকে ২০০৫ সাল পর্যন্ত লন্ডনে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসে কাজ করেছিলেন তৌফিক ইমরোজ খালিদী। তাঁর সাবেক সহকর্মী মোয়াজ্জেম হোসেন, শাকিল আনোয়ার, আতিকুর সামাদ, মাসুদ হাসান খান ও উদয় শংকর দাসসহ যুক্তরাজ্যে কর্মরত বাংলাদেশি সাংবাদিকেরা জানাজায় অংশ নেন। পরিবারের সদস্য ও বাংলাদেশি কমিউনিটির প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। জানাজায় ইমামতি করেন ব্রিকলেইন জামে মসজিদের ইমাম নজরুল ইসলাম।
পরিবারের পক্ষ থেকে সংক্ষিপ্ত বক্তব্য দেন তার ছেলে ও বাংলাদেশ নিউজ টোয়েন্টিফোর আওয়ার্স লিমিটেডের পরিচালক রাদ খালিদী। তিনি বলেন, তার বাবা সাংবাদিকতার সততা, নির্ভীকতা ও স্বাধীনতার আদর্শে বিশ্বাসী ছিলেন। সাংবাদিকতাকে তিনি শুধু পেশা নয়, দায়িত্ব ও ভালোবাসার জায়গা হিসেবে দেখতেন। জীবনের কঠিন সময়ে পাশে থাকা সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের লন্ডন প্রতিনিধি সৈয়দ নাহাস পাশা বলেন, তৌফিক ইমরোজ খালিদীর সঙ্গে তার সম্পর্ক শুধু পেশাগত ছিল না, ছিল বন্ধুত্বেরও। বাংলাদেশের অনলাইন সাংবাদিকতার পথিকৃৎ হিসেবে তাকে স্মরণ করেন তিনি।
প্রবাসী সাংবাদিক নবাব উদ্দিন বলেন, বাংলাদেশের অনলাইন সাংবাদিকতায় তৌফিক ইমরোজ খালিদী গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার হাত ধরে অনেক সাংবাদিক ও অনলাইন সংবাদমাধ্যম এগিয়ে এসেছে।
ব্রেন্ট কাউন্সিলের সাবেক মেয়র পারভেজ আহমেদ তার মৃত্যুতে শোক প্রকাশ করেন। লন্ডন-বাংলা প্রেস ক্লাবের সভাপতি তারেক চৌধুরী বলেন, কর্মের মধ্য দিয়েই বেঁচে থাকবেন খালিদী।
ব্যক্তিগত সফরে লন্ডনে থাকা তৌফিক ইমরোজ খালিদী অসুস্থ হয়ে পড়লে তাকে সেইন্ট বার্থোলমিউস হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকেরা জানান, তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছিল। শুক্রবার স্থানীয় সময় দুপুর ২টা ২৩ মিনিটে তাকে মৃত ঘোষণা করা হয়।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার তার মরদেহ বাংলাদেশে পৌঁছানোর কথা। সেদিন দুপুরে বনানীর ওল্ড ডিওএইচএস খেলার মাঠে শেষ শ্রদ্ধা নিবেদনের পর বিকেলে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাঁকে সমাহিত করার কথা রয়েছে।




