নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার প্রতিবাদে এবং জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কেন্দুয়ায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৮ অক্টোবর) সকাল ১১টার দিকে কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে কেন্দুয়া-নেত্রকোনা আঞ্চলিক মহাসড়কে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে সাংবাদিকেরা হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে একজন সাংবাদিককে প্রকাশ্যে গুলি করে হত্যা স্বাধীন সাংবাদিকতা ও বাকস্বাধীনতার জন্য গুরুতর উদ্বেগের বিষয়। তারা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডের নেপথ্যের পরিকল্পনাকারীসহ জড়িত সবাইকে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
বক্তারা বলেন, সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতনের ঘটনায় বিচার নিশ্চিত করা জরুরি। পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে নিহত সাংবাদিকের স্ত্রী ও দুই শিশুসন্তানের ভবিষ্যৎ সুরক্ষায় রাষ্ট্রের সহায়তা কামনা করেন তারা।
কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি সেকুল ইসলাম খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিমের সঞ্চালনায় বক্তব্য দেন প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ কামাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাখাল বিশ্বাস, দপ্তর সম্পাদক কিশোর কুমার শর্মা, সিনিয়র সদস্য হারেছ উদ্দিন ফকির, বিজয় রজক, আশরাফ উদ্দিন ভূইয়া ও সদস্য মুজিবুর রহমান কিবরিয়া।
এ ছাড়া উপজেলা মিডিয়া ক্লাবের সভাপতি সমরেন্দ্র বিশ্বশর্মা, সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান বাঙ্গালী, সাংগঠনিক সম্পাদক মঞ্জুরা আক্তার লিলি, সাবেক সাধারণ সম্পাদক মহিউদ্দিন সরকার ও সাংবাদিক সালাউদ্দিন সালামসহ স্থানীয় সাংবাদিকেরা কর্মসূচিতে সংহতি জানান।
উল্লেখ্য, গত ১৫ অক্টোবর দুর্গাপুরে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন বেসরকারি আইপি টিভি ‘রূপসী বাংলা’র জেলা প্রতিনিধি লুৎফুজ্জামান আলিফ ফকির। এ ঘটনায় তার স্ত্রী বাদী হয়ে অজ্ঞাতনামা আটজনের বিরুদ্ধে মামলা করেছেন। পুলিশ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে অপূর্ব নামের একজনকে গ্রেপ্তার করেছে বলে সংবাদে জানানো হয়েছে।