তথ্য কমিশন কোনো সরকার বা বিশেষ ব্যক্তির জন্য নয়, বরং জনগণের অধিকার নিশ্চিত করার প্রতিষ্ঠান—এমন মন্তব্য করেছেন নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান। তিনি বলেছেন, তথ্য পাওয়ার অধিকার বাস্তবায়ন এবং কমিশনকে কার্যকর ও জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করাই তার প্রধান লক্ষ্য।
রোববার (১৮ অক্টোবর) দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। প্রধান তথ্য কমিশনার বলেন, তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করতে কমিশনের দরজা দেশের সব মানুষের জন্য উন্মুক্ত থাকবে। নিরপেক্ষ প্রতিষ্ঠান হিসেবে দায়িত্ব পালন করে জনগণের তথ্যপ্রাপ্তির অধিকার রক্ষায় কাজ করবে কমিশন।
সাধারণ মানুষের মধ্যে তথ্য কমিশনের কার্যক্রম সম্পর্কে ধারণার ঘাটতি রয়েছে উল্লেখ করে তিনি বলেন, দীর্ঘদিন কমিশন কার্যকর না থাকায় এর ভূমিকা সম্পর্কে মানুষের জানাশোনা সীমিত। তাই জনগণের দোরগোড়ায় তথ্য পৌঁছে দেওয়া এবং কমিশনে মানুষের প্রবেশাধিকার সহজ করাকে অগ্রাধিকার দেওয়া হবে।
নারী হিসেবে এ দায়িত্ব পেয়ে আনন্দিত জানিয়ে অধ্যাপক নাহরিন ইসলাম খান বলেন, দায়িত্ব পালনের ক্ষেত্রে জেন্ডারের চেয়ে দায়িত্বই বড়। সমাজে সব জেন্ডারের মানুষের সমান অগ্রাধিকার নিশ্চিত করা জরুরি।
তিনি বলেন, গত প্রায় দুই বছর তথ্য কমিশন নিষ্ক্রিয় ছিল। দীর্ঘ ১৭ বছরেও প্রতিষ্ঠানটি উল্লেখযোগ্য কাজ করতে পারেনি বা করতে দেওয়া হয়নি।
নবনিযুক্ত তথ্য কমিশনার এস. এ. এম. মাহফুজুর রহমান বলেন, তথ্য পাওয়ার অধিকার শুধু গণমাধ্যমের নয়, প্রত্যেক নাগরিকের অধিকার। স্বচ্ছতা ও নিষ্ঠার সঙ্গে অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিত করে সমাজ ও রাষ্ট্রের কল্যাণে কাজ করবে কমিশন।
এর আগে তথ্য ও সম্প্রচারমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনার ও কমিশনের দুই সদস্য। এ সময় মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা এবং অতিরিক্ত সচিব মো. শাহ আলম উপস্থিত ছিলেন।




