বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মস্তিষ্কের বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা বাড়তে পারে। স্ট্রোক, ডিমেনশিয়া ও বিষণ্নতা এর মধ্যে উল্লেখযোগ্য। তবে দৈনন্দিন জীবনযাপনে ইতিবাচক পরিবর্তন এবং স্বাস্থ্য সমস্যার যথাযথ চিকিৎসার মাধ্যমে এসব রোগের ঝুঁকি কমানোর সুযোগ রয়েছে বলে জানিয়েছেন গবেষকেরা। যুক্তরাষ্ট্রের ম্যাস জেনারেল ব্রিগহামের বিজ্ঞানীদের পরিচালিত পূর্ববর্তী গবেষণাগুলোর পর্যালোচনায় স্ট্রোক, ডিমেনশিয়া ও বিষণ্নতার সঙ্গে সম্পর্কিত একাধিক অভিন্ন ঝুঁকির বিষয় উঠে এসেছে। গবেষণাটি প্রকাশিত হয়েছে চিকিৎসাবিষয়ক সাময়িকী ‘জার্নাল অব নিউরোলজি, নিউরোসার্জারি অ্যান্ড সাইকিয়াট্রি’-তে।
গবেষণায় উচ্চ রক্তচাপ, কিডনির রোগ, রক্তে শর্করার মাত্রা, কোলেস্টেরল, অ্যালকোহল গ্রহণ, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, শ্রবণশক্তি কমে যাওয়া, দীর্ঘস্থায়ী ব্যথা, শারীরিক নিষ্ক্রিয়তা, ঘুমের সমস্যা, ধূমপান, মানসিক চাপ ও সামাজিক যোগাযোগের মতো বিষয়গুলো চিহ্নিত করা হয়েছে। পাশাপাশি জীবনের উদ্দেশ্যবোধের অভাবও আলোচনায় এসেছে। গবেষকদের মতে, এসব ঝুঁকির কিছু স্ট্রোক, ডিমেনশিয়া ও বিষণ্নতার মধ্যে অন্তত দুটি সমস্যার সঙ্গে সম্পর্কিত। তবে প্রতিটি ঝুঁকির সঙ্গে তিনটি রোগেরই সরাসরি সম্পর্ক রয়েছে, এমন প্রমাণ পাওয়া যায়নি।
গবেষণাটির প্রধান লেখক ডা. সানজুলা সিং মনে করেন, একাধিক রোগের সঙ্গে সম্পর্কিত ঝুঁকিগুলো চিহ্নিত করা প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করতে পারে। তিনি জীবনযাপনের সব অভ্যাস একসঙ্গে পরিবর্তনের পরিবর্তে শুরুতে এক থেকে তিনটি বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন। নিয়মিত রক্তচাপ পরীক্ষা, খাবারে লবণ কমানো, ফলমূল ও শাকসবজি খাওয়া, পর্যাপ্ত ঘুম, নিয়মিত শরীরচর্চা এবং পরিবার-পরিজনের সঙ্গে যোগাযোগ বজায় রাখা সহায়ক হতে পারে।
পাশাপাশি প্রয়োজন অনুযায়ী রক্তে শর্করা ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখাও জরুরি। গবেষকেরা সতর্ক করেছেন, কোনো ঝুঁকির সঙ্গে রোগের সম্পর্ক পাওয়া গেলেই সেটিকে সরাসরি রোগের কারণ বলা যায় না। পূর্ববর্তী গবেষণার পর্যালোচনার ভিত্তিতে পরিচালিত হওয়ায় কিছু ঝুঁকির বিষয় এ গবেষণায় বাদও পড়ে থাকতে পারে। তবে গবেষণার সামগ্রিক বার্তা হলো, রোগের লক্ষণ দেখা দেওয়ার আগেই মস্তিষ্কের স্বাস্থ্যের যত্ন নেওয়া প্রয়োজন। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, স্বাস্থ্যকর অভ্যাস এবং প্রয়োজনীয় চিকিৎসা দীর্ঘমেয়াদে সুস্থ থাকতে সহায়তা করতে পারে।




