পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেডের সঙ্গে ফাইব্রোস্ক্যান-সংক্রান্ত সেবা বন্ধের ঘোষণা দিয়েছে কেএনএস কানাডা (বিডি)। শুক্রবার (১৬ অক্টোবর) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে। প্রতিষ্ঠানটির দাবি, পপুলারের কয়েকটি শাখায় অননুমোদিত যন্ত্র ব্যবহার, যথাযথ ক্যালিব্রেশনের ঘাটতি এবং প্রয়োজনীয় সনদবিহীন অপারেটরের মাধ্যমে পরীক্ষা পরিচালনার বিষয়টি তাদের নজরে এসেছে। তবে এসব অভিযোগের বিষয়ে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের বক্তব্য বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।
শুক্রবার ডা. তাসরীনা রহমানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে কেএনএস কানাডা (বিডি) এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ফাইব্রোস্ক্যান লিভারের অবস্থা মূল্যায়নের একটি গুরুত্বপূর্ণ চিকিৎসা-প্রযুক্তি। এ পরীক্ষার নির্ভরযোগ্যতা নিশ্চিত করতে অনুমোদিত যন্ত্র, যথাযথ রক্ষণাবেক্ষণ ও ক্যালিব্রেশন এবং প্রশিক্ষিত ও যোগ্য অপারেটর প্রয়োজন। এসব বিষয়ে উদ্বেগের কারণে পপুলারের সঙ্গে সেবা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
কেএনএস কানাডা (বিডি) দাবি করেছে, ২০০৮ সাল থেকে তারা বাংলাদেশে ফাইব্রোস্ক্যান প্রযুক্তির অনুমোদিত ও এক্সক্লুসিভ পরিবেশক হিসেবে কাজ করছে। ফ্রান্সের প্রস্তুতকারক প্রতিষ্ঠান ইকোসেন্সের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে প্রযুক্তিগত মান বজায় রাখাকে তারা গুরুত্ব দেয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৬ অক্টোবর থেকে পপুলার ডায়াগনস্টিক সেন্টারে পরিচালিত ফাইব্রোস্ক্যান পরীক্ষায় কেএনএস কানাডা (বিডি)-এর অনুমোদন, কারিগরি তত্ত্বাবধান বা সেবাসংশ্লিষ্ট সমর্থন থাকছে না। প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, পপুলারে করা এসব পরীক্ষার রিপোর্টে কোনো ত্রুটি বা কারিগরি সমস্যা দেখা দিলে তার দায় তারা বা ইকোসেন্স নেবে না।
রোগীদের নিরাপত্তা ও পরীক্ষার নির্ভরযোগ্যতা নিশ্চিত করতে পরীক্ষা করানোর আগে ব্যবহৃত যন্ত্রের অনুমোদন, প্রোবের ক্যালিব্রেশন এবং অপারেটরের প্রশিক্ষণ ও যোগ্যতা যাচাই করার আহ্বান জানিয়েছে কেএনএস কানাডা (বিডি)। প্রতিষ্ঠানটির দাবি, দেশের অন্যান্য ডায়াগনস্টিক সেন্টারে ফাইব্রোস্ক্যান সেবা চালু রয়েছে।




