স্বাস্থ্য খাতে বদলি ও পদায়নে স্বচ্ছতা নিশ্চিত করতে ডিজিটাল পদ্ধতি চালু করেছে সরকার। এ ব্যবস্থার আওতায় প্রথম ধাপে ৯৫ জন জুনিয়র কনসালট্যান্টকে বদলি ও পদায়ন করা হবে। পর্যায়ক্রমে স্বাস্থ্যসেবা বিভাগের সব পদের বদলি-পদায়ন অটোমেশনের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সচিবালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তিনি বলেন, স্বয়ংক্রিয় পদ্ধতিতে চিকিৎসকদের বদলি-পদায়নের ফলে পক্ষপাতিত্বের সুযোগ থাকবে না। উপজেলা পর্যায়ে ৯৫ জন চিকিৎসকের বদলির মাধ্যমে এ কার্যক্রম শুরু হচ্ছে।
চিকিৎসকদের নিজ উপজেলায় পদায়নের বিষয়টিও বিবেচনায় নেওয়া হবে বলে জানান মন্ত্রী। অটোমেশনের মাধ্যমে কেউ অন্য উপজেলায় পদায়িত হলে তার নিজ উপজেলা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। প্রথম ধাপের ফলাফল পর্যালোচনা করে পরবর্তী কার্যক্রম এগিয়ে নেওয়া হবে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত বলেন, স্বাস্থ্য খাতে সংস্কার, অনিয়ম দূর করা ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে সরকার কাজ করছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় চিকিৎসকদের বদলি-পদায়নে অটোমেশন চালু করা হয়েছে।
স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব ডা. উম্মেহানী বলেন, ডিজিটাল পদ্ধতিতে প্রশাসনিক কার্যক্রম আধুনিক ও গতিশীল করার পাশাপাশি স্বচ্ছতা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার। নির্ধারিত মানদণ্ড অনুযায়ী মেধা, জ্যেষ্ঠতা ও স্বচ্ছতার ভিত্তিতে বদলি-পদায়ন করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।




