রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সে প্রশাসনিক অচলাবস্থা তৈরি হয়েছে। অধ্যক্ষ ড. মেহেরুন নেছার পদত্যাগ এবং শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার অভিযোগের বিচার চেয়ে ৭২ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা। একই সঙ্গে তাকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেছেন তারা।
শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে কলেজের প্রধান ফটকে সংবাদ সম্মেলন করে নিজেদের অবস্থান তুলে ধরেন শিক্ষার্থীরা। এর আগে সড়কে বিক্ষোভের কারণে নীলক্ষেত মোড় থেকে আজিমপুর বাসস্ট্যান্ড পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে যায়।
সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা জানান, মধ্যরাতে পুলিশের অভিযানে আহত হওয়ার ঘটনার নিরপেক্ষ তদন্তে আগামী ৭২ ঘণ্টার মধ্যে কমিটি গঠন করতে হবে। অভিযানে জড়িত পুলিশ সদস্য ও কর্মকর্তাদের শনাক্ত করে বিভাগীয় ও আইনি ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তারা।
অন্যদিকে, অধ্যক্ষের পদত্যাগের বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আনুষ্ঠানিক প্রজ্ঞাপন প্রকাশ না হওয়া পর্যন্ত কলেজের প্রশাসনিক কাজ, পাঠদান ও পরীক্ষা বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। দাবি পূরণে কর্তৃপক্ষের পক্ষ থেকে কার্যকর উদ্যোগ না আসা পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার কথাও জানিয়েছেন তারা।
এর আগে বৃহস্পতিবার সকাল থেকে অধ্যক্ষের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। একপর্যায়ে তাকে কার্যালয়ের ভেতরে আটকে রাখা হয়। প্রায় ১৩ ঘণ্টা পর রাত সাড়ে ১১টার দিকে পুলিশ তাকে সেখান থেকে বের করে আনে।
এ সময় পুলিশের লাঠিচার্জে কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে অভিযোগ করেন আন্দোলনকারীরা। তাদের আরও অভিযোগ, অভিযানের সময় এক নারী শিক্ষার্থীর চুল ও হিজাব ধরে টানাটানি এবং কয়েকজনকে হাতুড়ি দিয়ে আঘাত করা হয়েছে। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত না হলে আরও কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা।




