শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রধান প্রকৌশলী, রেজিস্ট্রারসহ চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া তিন কর্মকর্তার নিয়োগ বাতিল করেছে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ সড়ক সংস্কারে ৮৭ লাখ টাকা ব্যয়ের বিষয়ে তদন্ত করতে চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ২৪৩তম সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন সভায় উপস্থিত একাধিক সদস্য।
নিয়োগ বাতিল হওয়া কর্মকর্তারা হলেন প্রধান প্রকৌশলী জয়নাল আহমেদ চৌধুরী, রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির এবং প্রকৌশলী বিকাশ চন্দ্র দাস। সিন্ডিকেট সূত্র জানায়, ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের দায়িত্ব পেয়েছেন অতিরিক্ত রেজিস্ট্রার কালাম আহমদ চৌধুরী। ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে পুর ও পরিবেশ প্রকৌশল বিভাগের প্রধান অধ্যাপক ড. শাহিদুর রহমানকে।
সড়ক সংস্কারে ব্যয় তদন্ত
বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ সড়ক সংস্কারে ৮৭ লাখ টাকা ব্যয়ের বিষয়টি খতিয়ে দেখতে উপ-উপাচার্য অধ্যাপক ড. রবিউল ইসলামকে সভাপতি করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কালাম আহমেদ চৌধুরী, সিন্ডিকেট সদস্য আব্দুল কাইয়ুম চৌধুরী এবং সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. শাহিদুর রহমান।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম বলেন, সিন্ডিকেটের সব সদস্যের সিদ্ধান্ত অনুযায়ী প্রধান প্রকৌশলীসহ চুক্তিভিত্তিক নিয়োগে থাকা কর্মকর্তাদের নিয়োগ বাতিল করা হয়েছে।
সড়ক সংস্কারের ব্যয় প্রসঙ্গে উপাচার্য বলেন, এ কাজে ৮৭ লাখ টাকা খরচ হয়েছে। অথচ এর চেয়ে বেশি কাজ সাড়ে পাঁচ লাখ টাকায় করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। এ নিয়ে শিক্ষার্থীসহ বিভিন্ন পক্ষের তদন্তের দাবির পরিপ্রেক্ষিতে কমিটি গঠন করা হয়েছে। এর আগে বিশ্ববিদ্যালয়ের ওই সড়কের সংস্কারকাজ ও ব্যয় নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। ব্যয়ের বিষয়টি তদন্তের দাবিও ওঠে।




