গাছের আক্রান্ত পাতার ছবি তুললেই সম্ভাব্য রোগ শনাক্ত ও প্রতিকারের পরামর্শ দেবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর অ্যাপ ‘গাছের ডাক্তার’। খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের ২৩ ব্যাচের শিক্ষার্থী আদনান শাহ আবির কৃষক, ছাদবাগানপ্রেমী ও সাধারণ গাছপ্রেমীদের জন্য এ ডিজিটাল কৃষি হেল্পডেস্ক তৈরি করেছেন। এতে যুক্ত করা হয়েছে ১২টিরও বেশি ফিচার।
অ্যাপটির অন্যতম সুবিধা ‘স্মার্ট ভিশন এআই রোগ স্ক্যানার’। এর মাধ্যমে আক্রান্ত পাতা বা ফলের স্পষ্ট ছবি দিলে কৃত্রিম বুদ্ধিমত্তা দাগ ও ক্ষতের ধরন বিশ্লেষণ করে সম্ভাব্য রোগ, কারণ ও প্রতিকার সম্পর্কে ধারণা দেবে।
পড়তে বা লিখতে অসুবিধা হয় এমন কৃষকদের জন্য রয়েছে ‘লাইভ ভয়েস সহকারী’। মুখে সমস্যার কথা বলেই কৃষিবিষয়ক পরামর্শ নেওয়া যাবে। উদ্ভাবকের দাবি, আঞ্চলিক ভাষায় কথা বলেও এ সেবা ব্যবহার করা সম্ভব।
ফসল পর্যবেক্ষণে অ্যাপটিতে ইউরোপীয় মহাকাশ সংস্থার (ইএসএ) সেন্টিনেল-২ স্যাটেলাইটের তথ্য বিশ্লেষণের সুবিধা রাখা হয়েছে। এর মাধ্যমে ফসলের সবুজত্ব, আর্দ্রতা ও জমির দুর্বল অংশ সম্পর্কে ধারণা পাওয়া এবং আগাম সতর্কবার্তা পাওয়ার ব্যবস্থা রয়েছে।
আদনান জানান, রোগবালাই ব্যবস্থাপনায় জৈব ও পরিবেশবান্ধব পদ্ধতিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। রাসায়নিক বালাইনাশকের ক্ষেত্রে বাণিজ্যিক নামের পাশাপাশি সক্রিয় উপাদানের নাম এবং নির্দিষ্ট পরিমাণ পানিতে ওষুধ মেশানোর হিসাবও দেওয়া হয়।
তার দাবি, দেশের ৫৯টির বেশি ফসলের শত শত রোগবালাইয়ের তথ্য নিয়ে অ্যাপটির স্থানীয় ডেটাবেজ তৈরি করা হয়েছে। এতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট ও বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের তথ্য যুক্ত রয়েছে।
এ ছাড়া কৃষি বিপণন অধিদপ্তরের ৬৪ জেলার দৈনিক সরকারি বাজারদর, পেশাদার কৃষিবিদের পরামর্শ নিতে ডিজিটাল টোকেন এবং অভিজ্ঞতা বিনিময়ের জন্য কমিউনিটি ফোরাম রয়েছে অ্যাপটিতে। আদনানের আশা, সরকারি পৃষ্ঠপোষকতা ও সহযোগিতা পেলে ‘গাছের ডাক্তার’ দেশের কৃষিতে সমন্বিত ডিজিটাল সেবা দিতে পারবে।




