বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অক্টোবর মাসের বেতন-ভাতার বিল জমা দেওয়ার সময়সীমা নির্ধারণ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। আগামী ২০ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট বিল অনলাইনে সাবমিট করতে হবে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) মাউশির মহাপরিচালক অধ্যাপক ড. খান মাইনুদ্দিন আল মাহমুদ সোহেলের স্বাক্ষরে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) পদ্ধতিতে পাঠানো হবে। এ জন্য সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে এমপিও-সংক্রান্ত কাজে ব্যবহৃত নিজস্ব আইডি ও পাসওয়ার্ড দিয়ে ইএমআইএস সিস্টেমের এমপিও-ইএফটি মডিউলে প্রবেশ করে বিল জমা দিতে হবে।
মাউশি জানিয়েছে, বেতন-ভাতা পাঠানোর ক্ষেত্রে প্রতিষ্ঠানপ্রধানের জমা দেওয়া তথ্যকেই চূড়ান্ত হিসেবে বিবেচনা করা হবে। তথ্যের ভুলের কারণে কোনো শিক্ষক-কর্মচারী অর্থ না পেলে কিংবা অতিরিক্ত অর্থ পেলে তার দায়ভার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধানকে বহন করতে হবে। নির্দেশনায় আরও বলা হয়েছে, ভুলবশত বা অন্য কোনো কারণে কোনো শিক্ষক-কর্মচারী অতিরিক্ত অর্থ পেলে তা ট্রেজারি চালানের মাধ্যমে সরকারি কোষাগারে ফেরত জমা দিতে হবে।
জমা দেওয়ার চালানের কপি সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে সংরক্ষণ করতে হবে। এ অবস্থায় নির্ধারিত সময়ের মধ্যে বিল জমা দেওয়ার পাশাপাশি শিক্ষক-কর্মচারীদের তথ্য সঠিকভাবে যাচাই করার ওপর গুরুত্ব দিয়েছে অধিদপ্তর। সময়সীমা অতিক্রম করলে বেতন-ভাতা পাঠানোর প্রক্রিয়ায় জটিলতা তৈরি হতে পারে বলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধানদের সতর্ক থাকা প্রয়োজন।




