সর্বজনীন পেনশন স্কিমে ২০২৫-২৬ অর্থবছরে বিনিয়োগ থেকে অর্জিত মুনাফা গ্রাহকদের মধ্যে বণ্টনের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পেনশন কর্তৃপক্ষ। কর্তৃপক্ষের বিজ্ঞপ্তি অনুযায়ী, এ অর্থবছরে স্কিমভেদে মুনাফার হার দাঁড়িয়েছে ১১ দশমিক ৬৮ শতাংশ থেকে ১১ দশমিক ৭২ শতাংশের মধ্যে। সোমবার, ১৯ অক্টোবর প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সর্বজনীন পেনশন স্কিমের বিনিয়োগ থেকে মোট ২৮ কোটি ৯৬ লাখ ৫৫ হাজার ৪৮ টাকা ৮০ পয়সা মুনাফা অর্জিত হয়েছে।
জাতীয় পেনশন কর্তৃপক্ষের পরিচালনা পর্ষদের চতুর্থ সভায় মুনাফা বণ্টনের প্রস্তাব অনুমোদন করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রত্যেক গ্রাহকের জমা করা অর্থের পরিমাণ এবং কত দিন অর্থ জমা ছিল, তা বিবেচনায় নিয়ে মুনাফা হিসাব করা হয়েছে। অর্জিত অর্থ গ্রাহকদের নিজ নিজ পেনশন বা করপাস হিসাবে যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ড. মোহাম্মদ সুরাতুজ্জামান জানিয়েছেন, গ্রাহকদের জমা করা অর্থের নিরাপত্তা এবং যৌক্তিক মুনাফা নিশ্চিত করতে কর্তৃপক্ষ কাজ করছে। কর্তৃপক্ষের দাবি, মুনাফা যুক্ত হওয়ায় গ্রাহকেরা সরাসরি উপকৃত হবেন। সংশ্লিষ্ট গ্রাহকদের হিসাবে অর্থ যুক্ত করার কার্যক্রম ইতিমধ্যে সম্পন্ন হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।




