ফরিদপুরে এক তরুণীকে দলবদ্ধ ধর্ষণ এবং ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের দায়ে আটজনকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেক আসামিকে দুই লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আটজনই আদালতে উপস্থিত ছিলেন।
দণ্ডিত ব্যক্তিরা হলেন নিশান শেখ, শাহিন শেখ (২১), জয় (২০), রাহিম মোল্লা (২৩), মনির শেখ (২৭), হৃদয় খা (২০), ইলিয়াস সিকদার (৩৫) ও মোস্তাক শেখ (২৬)। তাঁদের সবার বাড়ি ফরিদপুর সদর উপজেলার ডিগ্রিচর এলাকায়।
মামলার নথি অনুযায়ী, ২০১৯ সালের ২৫ ডিসেম্বর সদর উপজেলার ধলার মোড়সংলগ্ন পালডাঙ্গী চরে বেড়াতে গিয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার হন ওই তরুণী। অপরাধের দৃশ্য ধারণ করে ২৩ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয় আসামিরা।
ভিডিওটি গোয়েন্দা পুলিশের নজরে আসার পর ঘটনার তদন্ত শুরু হয়। এর ধারাবাহিকতায় ২০২০ সালের ৬ আগস্ট মামলার প্রধান আসামি শাহিন শেখকে গ্রেপ্তার করা হয়। পরে তদন্ত শেষে আটজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক ফরহাদ হোসেন। তিনিই এ মামলার বাদী ছিলেন। দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে সোমবার আদালত আট আসামির বিরুদ্ধে আমৃত্যু কারাদণ্ডের রায় দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন রায়ে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, এ ধরনের রায় সমাজে অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা করেন।