পটুয়াখালীর বাউফল পৌর এলাকায় পরপর চারটি ককটেল বিস্ফোরণের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সোমবার রাত সোয়া ৯টার দিকে পাবলিক মাঠ ও উপজেলা পরিষদের আশপাশে এসব বিস্ফোরণ ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক মিনিটের ব্যবধানে চার দফা বিস্ফোরণের শব্দ শোনা যায়। হঠাৎ বিকট শব্দে আশপাশের দোকানি, পথচারী ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক তৈরি হয়।

এক স্থানীয় বাসিন্দা জানান, তিনি দোকানে কাজ করার সময় বিস্ফোরণের শব্দ শুনে বাইরে বেরিয়ে আসেন। পরে ঘটনাস্থলের আশপাশে মানুষের ভিড় জমে যায়।কারা কী উদ্দেশ্যে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। স্থানীয়দের কেউ কেউ ঘটনাটিকে পরিকল্পিতভাবে আতঙ্ক সৃষ্টির চেষ্টা বলে ধারণা করছেন।

ঘটনার পর রাত পৌনে ১০টার দিকে ছাত্রদলের নেতাকর্মীরা শহরে একটি বিক্ষোভ মিছিল বের করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করে।বাউফল থানার ওসি সিরাজুল ইসলাম জানিয়েছেন, বিস্ফোরণের খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।