বেতন বৃদ্ধি ও ১৬ দফা দাবি নিয়ে শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুর ও আশুলিয়ার পোশাকশিল্প এলাকায় আবারও উত্তেজনা দেখা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গাজীপুরের কোনাবাড়ীর জরুন এলাকায় পুলিশ ও বিজিবি সদস্যরা অভিযান চালিয়েছেন। এ ঘটনায় গাজীপুরে সাতটি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি আশুলিয়ার অন্তত ২০টি কারখানায় সাধারণ ছুটি দেওয়া হয়েছে।
রবিবার (৮ নভেম্বর)  দুপুরে কোনাবাড়ীর জরুন এলাকায় বিক্ষোভে অংশ নেওয়া শ্রমিকদের ছত্রভঙ্গ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাউন্ড গ্রেনেড ও লাঠিচার্জ করে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, অর্ধশতাধিক শ্রমিক লাঠিসোঁটা নিয়ে ওই এলাকায় জড়ো হন। একপর্যায়ে আশপাশের কয়েকটি কারখানায় ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে। পরে পুলিশ ও বিজিবি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, বিক্ষোভের সময় শ্রমিকেরা আশপাশের ছয় থেকে সাতটি কারখানায় ভাঙচুরের চেষ্টা করেন। নিরাপত্তার স্বার্থে সাতটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। তবে জেলার অন্যান্য কারখানায় উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
এদিকে কয়েক দিনের অস্থিরতা কাটিয়ে সাভার ও আশুলিয়ার অধিকাংশ পোশাক কারখানায় কাজে ফিরেছেন শ্রমিকেরা। রোববার সকালে নির্ধারিত সময়ে কর্মস্থলে যোগ দিয়ে স্বাভাবিক উৎপাদন কার্যক্রমে অংশ নেন তারা। তবে শ্রমিক অসন্তোষের কারণে আশুলিয়ার ২০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। আরও চারটি কারখানায় শ্রমিকেরা কর্মবিরতি পালন করেছেন।
ঢাকা রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, সাভার ও আশুলিয়ার ঘটনায় এ পর্যন্ত ১৫টি মামলা হয়েছে এবং শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তার দাবি, গ্রেপ্তার ব্যক্তিদের কেউ শ্রমিক নন; তারা অস্থিতিশীল পরিস্থিতি তৈরির সঙ্গে জড়িত। গাজীপুর ও নারায়ণগঞ্জ থেকেও শতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে।
অন্যদিকে গাজীপুরের কালিয়াকৈরে চন্দ্রা এলাকার অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেডের শ্রমিকেরা ১৬ দফা দাবি আদায়ে কর্মবিরতি পালন করে কর্তৃপক্ষকে ৪৮ ঘণ্টার সময়সীমা দিয়েছেন। তাদের দাবির বিষয়ে মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত জানানোর কথা বলেছে কারখানা কর্তৃপক্ষ। এ কারণে রবিবার ও সোমবার কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।
শ্রমিকদের অভিযোগ, গত মঙ্গলবার আন্দোলন চলাকালে কারখানার প্রধান ফটক বন্ধ রেখে উৎপাদন চালু রাখা হয়েছিল। ওই সময় বাইরে থেকে বিক্ষুব্ধ ব্যক্তিরা কারখানার ভেতরে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে কারখানা ছুটি হলে বের হওয়ার সময় হামলায় অ্যাপেক্স ফুটওয়্যারের কয়েকজন শ্রমিক আহত হন। এ ঘটনায় দুজন শ্রমিক নিহত হওয়ার গুজব ছড়িয়ে পড়লে কারখানায় আতঙ্ক তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে কর্তৃপক্ষ টানা চার দিনের ছুটি ঘোষণা করেছিল।
ছুটি শেষে রবিবার সকালে শ্রমিকেরা কারখানায় উপস্থিত হলেও কাজে যোগ না দিয়ে বিভিন্ন দাবিতে সমাবেশ করেন। হামলায় আহত শ্রমিকদের ঘটনার সুষ্ঠু বিচার, কর্মস্থলে নিরাপত্তা এবং ১৬ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান তারা।
অ্যাপেক্স ফুটওয়্যারের উপমহাব্যবস্থাপক (মানবসম্পদ ও প্রশাসন) জানিয়েছেন, শ্রমিকদের উত্থাপিত দাবিগুলো মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, শ্রমিক ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মধ্যে আস্থা, নিয়মিত যোগাযোগ এবং সহযোগিতার পরিবেশ বজায় রাখার মাধ্যমে কর্মক্ষেত্রের নিরাপত্তা ও উৎপাদনশীলতা নিশ্চিত করতে তারা কাজ করছে।