নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ডাকা ধর্মঘটের প্রতিবাদে যশোরে বিক্ষোভ করেছে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। মঙ্গলবার দুপুরে শহরে মিছিল ও সমাবেশ থেকে যেকোনো ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা প্রতিহত করার ঘোষণা দেন সংগঠনগুলোর নেতারা।
কর্মসূচির শুরুতে জেলা বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে বক্তারা বলেন, নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানারে কেউ সন্ত্রাস, নাশকতা কিংবা জনজীবনে অস্থিরতা তৈরির চেষ্টা করলে রাজপথে তার মোকাবিলা করা হবে। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সাধারণ মানুষের প্রতি ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।
সমাবেশে আরও বলা হয়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কর্মকাণ্ডের বিরুদ্ধে রাজনৈতিকভাবে প্রতিরোধ গড়ে তোলা হবে।
পরে বিএনপি কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে মনিহার এলাকায় গিয়ে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন।
কর্মসূচিতে জেলা যুবদলের সদস্যসচিব আনসারুল হক রানা, যুগ্ম আহ্বায়ক নাজমুল হোসেন বাবুল ও আরিফুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল, সদস্যসচিব রাজিদুর রহমান সাগর, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী হায়দার রানা এবং জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি ও সদস্যসচিব শাহনেওয়াজ ইমরানসহ তিন সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।