সিরাজগঞ্জের যমুনা নদীতে অবৈধভাবে বৈদ্যুতিক যন্ত্র ব্যবহার করে মাছ শিকারের অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করেছে নৌপুলিশ। এ সময় মাছ ধরার কাজে ব্যবহৃত বৈদ্যুতিক সরঞ্জাম জব্দ করা হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) ভোরে কাজীপুর উপজেলার খাসরাজবাড়ী ইউনিয়নের গোদারবাগ এলাকা থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন বগুড়ার সারিয়াকান্দি উপজেলার বেড়া পাঁচকুড়িয়া গ্রামের চান মিয়া (৩০) ও মো. শাকিল (২২)।
এর আগে ৬ অক্টোবর সিরাজগঞ্জ সদর উপজেলার পাঁচগাছী চর ও বেলুটিয়া গ্রামসংলগ্ন ৪ নম্বর ক্রসবার বাঁধ এলাকায় অভিযান চালিয়ে আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন বেলুটিয়া দক্ষিণপাড়ার আব্দুল মজিদ (২৬), আসলাম (৩৮), আব্দুল কাদের (২০), সুমন মোল্লা (২০) ও ইউসুফ আলী।
নৌপুলিশের ওসি রফিকুল ইসলাম জানান, অভিযান চালিয়ে অবৈধভাবে বৈদ্যুতিক যন্ত্র দিয়ে মাছ শিকারের সঙ্গে জড়িতদের আটক করা হয়েছে। এ ঘটনায় মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে মামলা করে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।
জেলা মৎস্য কার্যালয়ের সিনিয়র সহকারী পরিচালক দেবাশীষ ঘোষ বলেন, বৈদ্যুতিক পদ্ধতিতে মাছ শিকারের ফলে দেশি প্রজাতির মাছ ও ক্ষুদ্র জলজ প্রাণী ধ্বংস হচ্ছে। এতে নদীর জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়ছে। এ ধরনের কর্মকাণ্ড বন্ধে অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি জনসচেতনতা বাড়াতে প্রচার চালানো হচ্ছে।




