সিরাজগঞ্জে পৃথক অভিযান চালিয়ে চুরি হওয়া দুটি গরুসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১২) সদস্যরা।
বুধবার বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া বাজার এবং রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কের পাশে শিকদার পেট্রোল পাম্পের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে এসআরবি-১২-এর সহকারী পুলিশ সুপার ধীমান কুমার মণ্ডল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- সিরাজগঞ্জের তাড়াশ থানার শালিয়াগাড়ি গ্রামের আবুল হোসেনের ছেলে মো. জহুরুল ইসলাম (৪১), একই থানার মঙ্গলবাড়িয়া গ্রামের এজের আলীর ছেলে মো. ফরমান আলী (৩৮), বগুড়া জেলার শেরপুর থানার আঁশগ্রাম গ্রামের মৃত সাহেব আলীর ছেলে মো. রাশেদুল ইসলাম (৩৬), পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার মৃত শাহ আলম সরদারের ছেলে নান্নু সরদার (৪৮), জামালপুর জেলার বকশীগঞ্জ থানার কোনোকান্দা গ্রামের আক্কাস আলীর ছেলে মো. আনাছ (২০) এবং ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার খিল্লাতাজপুর গ্রামের আবুল কাশেমের ছেলে মো. সোহাগ (৩০)।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ১৯ জুন ২০২৬ রাতে মো. তায়েবুর রহমান রিপনের গোয়ালঘরের তালা কেটে অজ্ঞাতপরিচয় চোরেরা তিনটি গরু চুরি করে একটি মিনি ট্রাকে নিয়ে পালিয়ে যায়। পরে মো. তায়েবুর রহমান রিপন বাদী হয়ে তাড়াশ থানায় একটি চুরির মামলা করেন।
এরই ধারাবাহিকতায় এসআরবি-১২ গত ১১ নভেম্বর সকাল থেকে বিকেল পর্যন্ত সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া বাজারসংলগ্ন মসজিদের সামনে এবং রায়গঞ্জের চান্দাইকোনা এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কের পাশে শিকদার পেট্রোল পাম্পের কাছাকাছি পৃথক দুটি অভিযান চালায়। চুরির মামলার তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে পলাতক ছয় আসামিকে গ্রেপ্তার করা হয়।
আসামিদের দেওয়া তথ্য অনুযায়ী, সিরাজগঞ্জ সদর উপজেলার বনবাড়ীয়া আদর্শ গ্রাম এলাকার মো. আজাদ শেখের বাড়ি এবং কামারখন্দ উপজেলার মেঘাই ভদ্রঘাট সাতাশপাড়া গ্রামের নুরনবীর বসতবাড়ি থেকে চুরি হওয়া দুটি গরু উদ্ধার করা হয়। পরে গ্রেপ্তার ব্যক্তিদের উদ্ধার করা আলামতসহ তাড়াশ থানায় হস্তান্তর করা হয়েছে।




