রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের আশপাশে মাদক কেনাবেচা ও সেবনের অভিযোগের পর দুটি চায়ের দোকান বন্ধ করে দিয়েছে প্রশাসন। সোমবার সকালে অভিযান চালিয়ে দোকান দুটি বন্ধের ব্যবস্থা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল আবছার সবুজ।
অভিযান শেষে দোকান দুটির মালামাল সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। টিনশেডের একটি দোকান সিলগালা করা হয়েছে। অন্য দোকানটি সাব-রেজিস্ট্রার কার্যালয়ের দেয়ালসংলগ্ন এলাকায় অবস্থিত। তবে একই ভবনের আরও দুটি দোকানের বিরুদ্ধে অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ থাকলেও সেগুলোর বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়নি।
স্থানীয়ভাবে অভিযোগ রয়েছে, বন্ধ হওয়া একটি দোকানকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে ইয়াবা, ট্যাপেন্টাডল ও ফেনসিডিলের কারবার চলছিল। দোকানটির মালিক জাকির হোসেন গত ১ নভেম্বর ৯০টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ পুলিশের হাতে গ্রেপ্তার হন। এরপরও দোকানটি চালু ছিল বলে জানা গেছে।
এ ছাড়া জেলা প্রশাসকের কার্যালয়ের আশপাশে মাদক সেবনের অভিযোগ দীর্ঘদিনের। কার্যালয়সংলগ্ন ড্রেনে প্রায়ই ফেনসিডিলের খালি বোতল পাওয়া যায়। এসব অভিযোগ সামনে আসার পর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম দোকান দুটি বন্ধের নির্দেশ দেন।
অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল আবছার সবুজ জানান, ওই এলাকায় মাদক সেবনের আড্ডা বসার অভিযোগ রয়েছে। অভিযানের সময় সরাসরি কোনো মাদকদ্রব্য পাওয়া না গেলেও পরিস্থিতি বিবেচনায় দুটি দোকান বন্ধ করে দেওয়া হয়েছে। অন্য দোকানগুলোতেও একই ধরনের কর্মকাণ্ডের প্রমাণ মিললে ব্যবস্থা নেওয়া হবে।
জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, গুরুত্বপূর্ণ সরকারি কার্যালয়ের এত কাছে মাদকের কর্মকাণ্ড চলার অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। বিষয়টি সামনে আসার পর সংশ্লিষ্ট স্থাপনা অপসারণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে প্রশাসনের অবস্থান কঠোর এবং এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।