শুধু পাসের হার বাড়ানোর দিকে মনোযোগ না দিয়ে শিক্ষার্থীরা প্রকৃত অর্থে কতটা জ্ঞান ও দক্ষতা অর্জন করছে, তা নিশ্চিত করতে শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। তিনি বলেছেন, একসময় শিক্ষা-দীক্ষায় এগিয়ে থাকা সিলেট বর্তমানে শিক্ষার বিভিন্ন সূচকে পিছিয়ে পড়েছে। এ অবস্থা কাটাতে মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান বাড়ানোর পাশাপাশি বিদ্যমান প্রতিষ্ঠানগুলোর শিক্ষার মান উন্নত করতে হবে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে সিলেটের কিশোরী মোহন বালিকা উচ্চবিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, সিলেটের শিক্ষার ঐতিহ্য ফিরিয়ে আনতে নতুন মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা জরুরি। একই সঙ্গে বর্তমান প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে শিক্ষক, অভিভাবক ও শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, একসময়কার অর্থ ও পরিকল্পনামন্ত্রী সিলেটকে শিক্ষানগরী হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছিলেন। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা এবং অবকাঠামোগত উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
সিসিক প্রশাসক আরও বলেন, বর্তমান সংসদ সদস্য ও শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরও সিলেটকে শিক্ষাক্ষেত্রে এগিয়ে নিতে কাজ করছেন। সবার সম্মিলিত প্রচেষ্টায় এ অঞ্চলের শিক্ষাব্যবস্থাকে আরও উন্নত করতে হবে।
কৃতী শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, আগামী দিনে সিলেট ও বাংলাদেশের নেতৃত্ব দিতে শিক্ষার্থীদের জ্ঞান, নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে। ভালো ফলাফলের পাশাপাশি যোগ্য ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে উঠে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখতে হবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল লতিফ। অভিভাবক সদস্য মো. সালেহ মুসার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আব্দুল গফুর স্কুল অ্যান্ড কলেজের সাবেক সভাপতি মাহবুব চৌধুরী, জিয়া সংসদ সিলেট জেলা সংসদের সাধারণ সম্পাদক আব্দুল জলিল এবং দুর্নীতি মুক্তকরণ ফোরামের সাধারণ সম্পাদক মকসুদ হোসেন।