প্রায় আড়াইশ বছরের ঐতিহ্য বহন করছে নাটোরের বিখ্যাত কাঁচাগোল্লা। সময়ের সঙ্গে এই মিষ্টির জনপ্রিয়তা যেমন বেড়েছে, তেমনি বিস্তৃত হয়েছে বাজারও। একসময় লালবাজারকেন্দ্রিক এই মিষ্টি এখন দেশের বিভিন্ন অঞ্চলের পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে পৌঁছে যাচ্ছে মধ্যপ্রাচ্য, ইউরোপ ও আমেরিকায়।
জিআই পণ্যের স্বীকৃতি পাওয়ার পর নাটোরের কাঁচাগোল্লার পরিচিতি আরও বিস্তৃত হয়েছে। বর্তমানে জেলার বিভিন্ন মিষ্টান্ন প্রতিষ্ঠানে প্রতিদিন প্রায় ৬০০ থেকে ৭০০ কেজি কাঁচাগোল্লা তৈরি হয়। এর দৈনিক বাজারমূল্য চার লাখ টাকারও বেশি। দেশের নামকরা মিষ্টির দোকানগুলোতেও জায়গা করে নিয়েছে এই ঐতিহ্যবাহী খাবার।
শিল্প মন্ত্রণালয়ের অধীন পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর (ডিপিডিটি) ২০২৩ সালের ৮ আগস্ট নাটোরের কাঁচাগোল্লাকে বাংলাদেশের ১৭তম ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দেয়। এর আগে একই বছরের ৩০ মার্চ জেলা প্রশাসনের পক্ষ থেকে এ স্বীকৃতি পাওয়ার জন্য আবেদন করা হয়েছিল। এর ফলে পণ্যটির ভৌগোলিক পরিচিতি ও মেধাস্বত্ব সংরক্ষণের সুযোগ তৈরি হয়।
এই মিষ্টির উৎপত্তি নিয়ে রয়েছে প্রায় আড়াইশ বছরের পুরোনো ইতিহাস। প্রচলিত তথ্য অনুযায়ী, ১৭৬০ সালের দিকে রাণী ভবানীর শাসনামলে নাটোরের লালবাজারে মিষ্টি ব্যবসায়ী মধুসূদন পালের হাত ধরে কাঁচাগোল্লার যাত্রা শুরু হয়।
লোকমুখে প্রচলিত আছে, একদিন দোকানের প্রধান কারিগর অনুপস্থিত থাকায় বিপুল পরিমাণ কাঁচা ছানা নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দেয়। ছানা সংরক্ষণের বিকল্প উপায় খুঁজতে গিয়ে মধুসূদন পাল তাতে চিনি মিশিয়ে অল্প আঁচে জ্বাল দেন। পরে ঠান্ডা হলে তৈরি হয় নতুন স্বাদের এক ধরনের সন্দেশ। কাঁচা ছানার ব্যবহার এবং স্থানীয়ভাবে ছানার মিষ্টিকে গোল্লা বলার প্রচলন থেকেই এর নাম হয় কাঁচাগোল্লা।
পরবর্তী সময়ে রাণী ভবানীর রাজদরবারে এই মিষ্টি পরিবেশিত হলে এর সুনাম ছড়িয়ে পড়ে বিভিন্ন অঞ্চলে। জমিদার ও অভিজাতদের কাছেও এটি জনপ্রিয় হয়ে ওঠে। ঊনবিংশ শতাব্দীতে কলকাতার সংবাদপত্র ‘সমাচার দর্পণ’ ও ‘সংবাদ প্রভাকর’-এ নাটোরের কাঁচাগোল্লার প্রশংসা প্রকাশিত হয়েছিল বলে ঐতিহাসিক তথ্যে উল্লেখ রয়েছে। পরবর্তী প্রজন্মের মিষ্টি কারিগর কালিকৃষ্ণ পাল, দ্বারিকানাথ পাল, ননীগোপাল কুণ্ডু ও অনুকূল চন্দ্রের হাত ধরে এর ব্যবসায়িক বিস্তার ঘটে।
নামের সঙ্গে গোল্লা থাকলেও দেখতে এটি গোলাকার নয়। বরং শুকনো ও দানাদার বৈশিষ্ট্যের এক ধরনের বিশেষ সন্দেশ। খাঁটি কাঁচাগোল্লার রং সাধারণত উজ্জ্বল সাদা না হয়ে হালকা ক্রিম বা অফ-হোয়াইট হয়ে থাকে।
প্রবীণ কারিগরদের মতে, এই মিষ্টি তৈরির প্রধান উপকরণ খাঁটি গরুর দুধের কাঁচা ছানা ও চিনি। এক কেজি কাঁচাগোল্লা তৈরিতে প্রায় পাঁচ থেকে ছয় লিটার দুধের ছানা প্রয়োজন হয়। দুধ কাটাতে পরিমাণমতো পানি ও সিরকা কিংবা ভিনেগার ব্যবহার করা হয়। স্বাদ ও ঘ্রাণ বাড়াতে দেওয়া হয় সামান্য এলাচের গুঁড়া।
প্রস্তুতপ্রণালিতেও রয়েছে বিশেষত্ব। প্রথমে ছানাকে দুই ভাগে ভাগ করা হয়। এক ভাগ চিনি দিয়ে অল্প আঁচে জ্বাল দিয়ে পাকানো হয়। এরপর বাকি কাঁচা ছানার সঙ্গে গরম পাকানো ছানা মিশিয়ে ভালোভাবে মাখানো হয়। ঠান্ডা হওয়ার পরই তৈরি হয় নাটোরের ঐতিহ্যবাহী কাঁচাগোল্লা। এতে কৃত্রিম রং, ফ্লেভার কিংবা প্রিজারভেটিভ ব্যবহারের প্রয়োজন হয় না।
সংরক্ষণের ক্ষেত্রে অবশ্য রয়েছে সীমাবদ্ধতা। প্রিজারভেটিভ না থাকায় স্বাভাবিক তাপমাত্রায় দুই থেকে তিন দিন এবং ফ্রিজে সাত থেকে ১০ দিন পর্যন্ত ভালো থাকে এই মিষ্টি। ফলে দীর্ঘ সময় সংরক্ষণ করে বিদেশে বাণিজ্যিকভাবে পাঠানো কঠিন হয়ে পড়ে।
বর্তমানে নাটোরে মান ও প্রতিষ্ঠানভেদে প্রতি কেজি কাঁচাগোল্লা বিক্রি হচ্ছে ৫৫০ থেকে ৬৮০ টাকায়। ঈদ, পূজা, পহেলা বৈশাখ, বিয়েসহ বিভিন্ন উৎসব ও অনুষ্ঠানে এর চাহিদা কয়েক গুণ বেড়ে যায়।
নাটোর শহরের লালবাজারের দ্বারিক ভাণ্ডার, নিচাবাজারের কুণ্ডু মিষ্টান্ন ভাণ্ডার, অনুকূল মিষ্টান্ন ভাণ্ডার ও মৌচাক মিষ্টান্ন ভাণ্ডারসহ ১২ থেকে ১৫টি পরিচিত প্রতিষ্ঠানে তৈরি হচ্ছে এই মিষ্টি। এ শিল্পের সঙ্গে জড়িয়ে রয়েছে শত শত দুগ্ধ খামারি, গোয়ালা, মিষ্টি কারিগর ও ব্যবসায়ীর জীবিকা। নাটোরের বাইরেও দেশের বিভিন্ন জেলা এবং ভারতের পশ্চিমবঙ্গের কিছু মিষ্টান্ন প্রতিষ্ঠানে কাঁচাগোল্লা তৈরি ও বিক্রি হচ্ছে।
তবে সম্ভাবনার পাশাপাশি কিছু সমস্যাও রয়েছে। সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মতে, গো-খাদ্য ও দুধের দাম বেড়ে যাওয়ায় উৎপাদন ব্যয় বাড়ছে। অন্যদিকে কিছু অসাধু ব্যবসায়ী ময়দা বা সুজি মিশিয়ে নিম্নমানের মিষ্টি তৈরি করায় আসল কাঁচাগোল্লার সুনাম ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এ ছাড়া স্বল্প সময়ের মধ্যে নষ্ট হওয়ার ঝুঁকি থাকায় বিদেশে সরাসরি বাণিজ্যিক রপ্তানির জন্য উপযুক্ত প্যাকেজিং ও সংরক্ষণ ব্যবস্থা নিশ্চিত করা জরুরি।
জিআই স্বীকৃতির মর্যাদা ধরে রাখতে পণ্যের মান, ওজন ও ঐতিহ্যবাহী প্রস্তুতপ্রণালি বজায় রাখার ওপর গুরুত্ব দিচ্ছে স্থানীয় প্রশাসন। এ লক্ষ্যে বাজার তদারকির পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমও পরিচালনা করা হচ্ছে। আধুনিক ও স্বাস্থ্যসম্মত প্যাকেজিং ব্যবস্থা গড়ে তোলা গেলে নাটোরের আড়াইশ বছরের এই মিষ্টি আন্তর্জাতিক বাজারে আরও বড় পরিসরে জায়গা করে নিতে পারবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।