রাতের অন্ধকার নামতেই আলোর ঝলকানিতে বদলে যায় লালমনিরহাট শহরের চিত্র। প্রধান সড়ক থেকে পাড়া-মহল্লার অলিগলি পর্যন্ত নতুন সড়কবাতি স্থাপন করায় শহরের রাতের পরিবেশে এসেছে পরিবর্তন। এতে একদিকে যেমন সৌন্দর্য বেড়েছে, অন্যদিকে রাতে মানুষের চলাচলও সহজ হয়েছে।
শহরের বাসিন্দা, শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে নতুন আলোকসজ্জা নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। স্থানীয় সংস্কৃতিকর্মী তৌহিদুল ইসলাম চঞ্চল বলেন, সড়কবাতির আলোয় শহরটি নতুনভাবে পরিচিতি পাচ্ছে। আলোর পরিবেশ মানুষের মধ্যে আনন্দ ও স্বস্তি তৈরি করে। এমন পরিবর্তন শহরের সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি নাগরিকদের মনেও ইতিবাচক প্রভাব ফেলছে।
বালাটারী এলাকার বাসিন্দা মো. শফিকুল ইসলামের মতে, নির্বাচনের আগে শহরকে পরিকল্পিতভাবে সাজানোর যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, উন্নয়নকাজে তার প্রতিফলন দেখা যাচ্ছে। বিশেষ করে সড়কের মাঝখানে স্থাপিত বাতিগুলো শহরের সৌন্দর্য বাড়িয়েছে।
রাতের যাতায়াতেও পরিবর্তনের কথা জানিয়েছেন স্থানীয়রা। অটোরিকশাচালক হাফিজুর রহমান বলেন, পর্যাপ্ত আলোর কারণে রাতে যানবাহন চালানো এবং পথচারীদের চলাচল আগের চেয়ে সহজ হয়েছে। লালমনিরহাট সরকারি কলেজের শিক্ষার্থী তন্ময় আহমেদও আধুনিক বাতির আলোয় শহরের নতুন রূপের প্রশংসা করেন। শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল করিম সাদেকীর ভাষ্য, আলোকায়নের ফলে নাগরিকদের স্বস্তি ও নিরাপত্তা বাড়ার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যেও ইতিবাচক সাড়া তৈরি হয়েছে।
পৌরসভার তথ্য অনুযায়ী, রেলওয়ে স্টেশন থেকে মিশন মোড় হয়ে সার্কিট হাউস পর্যন্ত সড়কে ৫৪টি ডেকোরেটিভ গার্ডেন ও স্ট্রিট লাইট স্থাপন করা হয়েছে। প্রতিটি পোলে রয়েছে ১৩টি আধুনিক বাতি। এ কাজে খরচ হয়েছে ৫৭ লাখ ৪৩ হাজার ৮৬৭ টাকা।
শুধু প্রধান সড়ক নয়, শহরের অন্যান্য সড়ক ও অলিগলির প্রায় ২২ কিলোমিটার এলাকায় বসানো হয়েছে আরও ৭৪৪টি সড়কবাতি। এ প্রকল্পে ব্যয় হয়েছে ৩ কোটি ৬৪ লাখ টাকা। সব মিলিয়ে চারটি উন্নয়ন প্রকল্পে আলোকায়ন ও সৌন্দর্যবর্ধনের জন্য খরচ হয়েছে প্রায় ৪ কোটি ২১ লাখ টাকা।
রংপুর বিভাগের নয়টি পৌরসভার ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় এসব কাজ বাস্তবায়ন করছে লালমনিরহাট পৌরসভা। ২০২৬ সালের ১১ মে সড়কবাতি স্থাপন কার্যক্রমের উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. আতিকুর রহমান জানান, ২০২৫-২৬ অর্থবছরে চারটি প্রকল্পের মাধ্যমে এসব বাতি স্থাপন করা হয়েছে। পাশাপাশি শহরের বিভিন্ন সড়ক ও অলিগলিতে আলোকায়ন এবং সৌন্দর্যবর্ধনের কাজ চলমান রয়েছে।
পৌরসভার কর্মকর্তা ও শহর পরিকল্পনাবিদ এ.এস.এম. আশরাফুজ্জামান তালুকদার জানান, আরও গুরুত্বপূর্ণ সড়কে বাতি স্থাপন এবং সৌন্দর্য বাড়াতে পরিকল্পনা ও নকশা তৈরির নির্দেশনা দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। নির্বাহী কর্মকর্তা হরানন্দ রায়ও জানিয়েছেন, শহরকে আধুনিক ও সময়োপযোগী করে তুলতে নতুন উন্নয়ন পরিকল্পনা রয়েছে। প্যানেল মেয়র আব্দুস সালামের মতে, আলোকায়নের ফলে নাগরিকদের নিরাপত্তা ও শহরের সৌন্দর্য—দুই ক্ষেত্রেই পরিবর্তন এসেছে।
১৯৭২ সালের ২০ জানুয়ারি প্রতিষ্ঠিত লালমনিরহাট পৌরসভা ২০০৫ সালে প্রথম শ্রেণিতে উন্নীত হয়। নয়টি ওয়ার্ড নিয়ে গঠিত এ পৌরসভার আয়তন ১৭ দশমিক ৯৫ বর্গকিলোমিটার। ২০২২ সালের জনশুমারি অনুযায়ী, পৌর এলাকায় বসবাস করেন ৬৭ হাজার ৩৫৫ জন মানুষ।
অন্যদিকে, একই জনশুমারিতে লালমনিরহাট সদর উপজেলার জনসংখ্যা পাওয়া গেছে ৩ লাখ ৭৩ হাজার ৪৬৩ জন। জেলার পাঁচ উপজেলার মানুষ শিক্ষা, চিকিৎসা, ব্যবসা-বাণিজ্য ও আদালতসহ নানা প্রয়োজনে প্রতিদিন জেলা শহরে আসেন। ফলে শহরের উন্নত নাগরিকসেবার প্রয়োজনীয়তা শুধু পৌরবাসীর মধ্যেই সীমাবদ্ধ নয়। নতুন আলোকায়নের পাশাপাশি ভবিষ্যতে আরও উন্নয়নকাজ বাস্তবায়নের মাধ্যমে শহরটির অবকাঠামো ও সৌন্দর্য বাড়ানোর পরিকল্পনা করছে পৌর কর্তৃপক্ষ।