কুমিল্লা নগরীর কান্দিরপাড় এলাকায় সড়ক দুর্ঘটনায় দীপক সাহা (৬৮) নামে কৃষি ব্যাংকের এক সাবেক কর্মকর্তা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে নজরুল অ্যাভিনিউ সড়কে জামান মেডিকেল হলের সামনে একটি ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার ঘটনায় চালক ইব্রাহিমকে আটক করেছে পুলিশ।
দীপক সাহা কান্দিরপাড় এলাকার বাসিন্দা ছিলেন। তিনি বাংলাদেশ কৃষি ব্যাংকের ঢাকা মতিঝিল শাখার সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) হিসেবে দায়িত্ব পালন করেন। গত বছর চাকরি থেকে অবসরে যান তিনি।
জামান মেডিকেল হলের স্বত্বাধিকারী দীপ সাহার ভাষ্য অনুযায়ী, ঘটনার আগে দীপক সাহা কয়েকজনের সঙ্গে তার দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন। রাত সাড়ে ৮টার দিকে দোকান থেকে বেরিয়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি ইজিবাইক তাকে ধাক্কা দেয়। ধাক্কায় তিনি রাস্তায় পড়ে গেলে ইজিবাইকটি তার ওপর দিয়ে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কাছের একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন চালক ইব্রাহিমকে আটক করে রাখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে কোতোয়ালি থানায় নিয়ে যায়। ট্রাফিক পুলিশের ইনচার্জ রাকিব জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চালককে আটক করেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।