উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে শীতের আগমনী বার্তা স্পষ্ট হচ্ছে। প্রতিদিনই কমছে তাপমাত্রা। ভোর ও সন্ধ্যায় ঠান্ডার তীব্রতা বাড়লেও দুপুরে রোদের কারণে কিছুটা উষ্ণ আবহাওয়া বিরাজ করছে।
রবিবার (৮ নভেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ১০০ শতাংশ।
এর আগের দিন শনিবার একই সময়ে তাপমাত্রা ছিল ১৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ ২৪ ঘণ্টার ব্যবধানে পারদ নেমেছে শূন্য দশমিক ৭ ডিগ্রি।
সকালে সূর্য ওঠার পর আবহাওয়ার কিছুটা পরিবর্তন হলেও রাত ও ভোরে ঠান্ডা অনুভূত হচ্ছে বেশি। বিশেষ করে সকালে কাজে বের হওয়া শ্রমজীবী মানুষকে কুয়াশা ও ঠান্ডা বাতাসের মধ্যেই দৈনন্দিন কাজ শুরু করতে হচ্ছে।
আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, শনিবার জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। ফলে দিনের সঙ্গে রাত ও সকালের আবহাওয়ায় স্পষ্ট পার্থক্য দেখা যাচ্ছে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, তাপমাত্রা ক্রমেই নিম্নমুখী হচ্ছে। সামনের দিনগুলোতে পারদ আরও নামতে পারে। এতে রাত ও ভোরের শীতের অনুভূতি বাড়ার সম্ভাবনা রয়েছে।