উত্তরের জেলা পঞ্চগড়ে দিন ও রাতের আবহাওয়ায় স্পষ্ট পার্থক্য দেখা দিয়েছে। ভোর ও সন্ধ্যায় ঠান্ডার অনুভূতি বাড়লেও দুপুরের রোদে এখনো থাকছে গরমের প্রভাব। তাপমাত্রার এমন ওঠানামায় শীতের আগমনী বার্তা পাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।
সোমবার (৯ নভেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ ডিগ্রি সেলসিয়াস। ওই সময় বাতাসের আর্দ্রতা ছিল ১০০ শতাংশ। এর আগের দিন রবিবার জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস।
সকালের দিকে মাঠঘাট ও গাছের পাতায় জমছে শিশির। গ্রামাঞ্চলে কোথাও কোথাও দেখা মিলছে হালকা কুয়াশার। সন্ধ্যার পর ঠান্ডা বাড়তে থাকায় অনেকেই ব্যবহার করছেন শীতের পোশাক। ঘর থেকে বের করা হচ্ছে লেপ-কম্বলসহ শীত নিবারণের প্রয়োজনীয় সামগ্রী।
আবহাওয়ার এই পরিবর্তনের প্রভাব পড়ছে স্বাস্থ্যেও। সর্দি, কাশি, জ্বর ও শ্বাসতন্ত্রের সমস্যা নিয়ে হাসপাতালগুলোতে চিকিৎসা নিতে আসছেন অনেকে। শিশু ও প্রবীণদের মধ্যে মৌসুমি অসুস্থতার প্রবণতা বেশি দেখা যাচ্ছে বলে জানিয়েছেন রোগীদের স্বজনেরা।
হাসপাতালে আসা এক রোগীর স্বজন আসিফ আলী জানান, কয়েক দিন ধরে সকাল ও রাতে ঠান্ডা বেড়েছে। পরিবারের শিশুটি সর্দি-কাশিতে আক্রান্ত হওয়ায় প্রথমে বাড়িতে চিকিৎসার চেষ্টা করেন। পরে অবস্থার কারণে হাসপাতালে নিয়ে আসেন।
আরেক বাসিন্দা হাবিব হাসান বলেন, দিনের গরম আর রাতের ঠান্ডার সঙ্গে শরীর খাপ খাওয়াতে পারছে না। কয়েক দিন ধরে জ্বর ও কাশিতে ভোগার কারণে চিকিৎসকের পরামর্শ নিতে এসেছেন তিনি।
এদিকে মৌসুমি অসুস্থতা থেকে সুরক্ষায় শিশু ও বয়স্কদের বাড়তি যত্ন নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। প্রয়োজন অনুযায়ী গরম পোশাক পরা, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর গুরুত্ব দিয়েছেন তাঁরা। জ্বর, কাশি কিংবা শ্বাসকষ্ট দেখা দিলে অবহেলা না করে চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শও দেওয়া হয়েছে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, সোমবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আগের দিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস।
অন্যদিকে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দেশের বিভিন্ন অঞ্চলে রাতের তাপমাত্রা কমতে পারে। আগামী কয়েক দিনে রাতের তাপমাত্রা আরও ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে পঞ্চগড়সহ দেশের বিভিন্ন এলাকায় শীতের অনুভূতি আরও বাড়তে পারে।