মেহেরপুরের গাংনীতে পরিবার কার্ড দেওয়ার আশ্বাস দিয়ে এক দৃষ্টিপ্রতিবন্ধী নারীর বিকাশ অ্যাকাউন্ট থেকে ১২ হাজার ৮৯৯ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতারক চক্রের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী নারী গাংনী থানায় লিখিত অভিযোগ করেছেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে তিনি থানায় অভিযোগ জমা দেন। অভিযোগটি সাধারণ ডায়েরি (জিডি) হিসেবে নথিভুক্ত করা হয়েছে। এর নম্বর ৪৫০।
ভুক্তভোগী পারেছা খাতুন উপজেলার ভবানীপুর গ্রামের বাসিন্দা। তিনি বুদ্ধিপ্রতিবন্ধী শাহিনের স্ত্রী।
পারেছা খাতুন জানান, সোমবার (৯ নভেম্বর) বিকেলে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি ফোন করে তার ছেলে পারভেজের নামে পরিবার কার্ড দেওয়ার কথা বলেন। এ জন্য মোবাইলে আসা ওটিপি নম্বর জানতে চান ওই ব্যক্তি। তিনি নম্বরটি জানানোর পরপরই তার বিকাশ অ্যাকাউন্ট থেকে ১২ হাজার ৮৯৯ টাকা অন্য একটি নম্বরে চলে যায়।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোরশেদ চৌধুরী জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি আইনগত প্রক্রিয়াধীন রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পারেছা নিজে দৃষ্টিপ্রতিবন্ধী, তার স্বামী বুদ্ধিপ্রতিবন্ধী। তাদের সাত বছর বয়সী ছেলে পারভেজ ও চার বছর বয়সী মেয়ে হামিমও জন্মগতভাবে দৃষ্টিপ্রতিবন্ধী। এ ছাড়া পরিবারে রয়েছেন মানসিক ভারসাম্যহীন এক ননদ। অসহায় এই পরিবারের সঙ্গে প্রতারণার ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।