ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ১৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে মহাসড়কের দাউদকান্দির ভেকিনগর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সুমন (৩৪), মো. শাহিন হাসান শুভ (২৬), সাইদুর রহমান (৪৫), বাদল মিয়া (৪১), ইমরান (২৬), ইয়াসিন (১৮), মারুফ (২০), ইয়াসিন (২০), মো. মাহাবুব সরকার (২২), মহিবুল্লাহ (১৯), ইমন (১৯), মো. হাসান (২১), মো. সারমিন শাহ (৩২), শামীম (২২), ছোটন (২১) ও মামুনুর রহমান (৫০)।
গ্রেপ্তার ব্যক্তিরা কুমিল্লার হোমনা উপজেলার বাসিন্দা এবং বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মী।
মডেল থানা পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নাশকতা প্রতিরোধে পুলিশের কয়েকটি দল নিয়মিত টহল দিচ্ছে। টহল চলাকালে একটি হাইস মাইক্রোবাসসহ নিষিদ্ধ সংগঠনের ১৬ কর্মীকে গ্রেপ্তার করা হয়। তারা দুটি মাইক্রোবাসে করে পুটিয়া এলাকায় জড়ো হয়ে ঝটিকা মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। তবে অপর মাইক্রোবাসটি পালিয়ে যাওয়ায় সেটির কাউকে আটক করা সম্ভব হয়নি।
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম বলেন, নাশকতা প্রতিরোধে পুলিশের টহল চলাকালে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের ঝটিকা মিছিলের প্রস্তুতির সময় ১৬ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে নাশকতার মামলা শেষে বিকেলে আদালতে পাঠানো হবে।