মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শারদীয় দুর্গাপূজা উদযাপনে ১৭৩টি মণ্ডপে প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এর মধ্যে ১৫৭টি সার্বজনীন এবং ১৬টি ব্যক্তিগত মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। উৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন রাখতে উপজেলা প্রশাসন ও পুলিশ ব্যাপক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে।
পূজার সার্বিক প্রস্তুতি নিয়ে উপজেলা পূজা উদযাপন পরিষদ, উপজেলা পূজা ফ্রন্ট ও মণ্ডপ কমিটির প্রতিনিধিদের সঙ্গে সভা করেছে প্রশাসন। প্রতিটি মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন ও পর্যাপ্ত স্বেচ্ছাসেবক রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। জরুরি পরিস্থিতি মোকাবিলায় সার্বক্ষণিক মনিটরিং সেল খোলা থাকবে। যানজট নিয়ন্ত্রণে জোরদার করা হবে ট্রাফিক ব্যবস্থাও।
পূজার সময় মণ্ডপগুলো আলোকিত রাখতে লোডশেডিংয়ের আগে আয়োজক কমিটিকে জানানোর ব্যবস্থা রাখা হবে। প্রতিমা বিসর্জনস্থলেও পর্যাপ্ত আলোর ব্যবস্থা থাকবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের মোবাইল টিম মাঠে দায়িত্ব পালন করবে। পাশাপাশি মণ্ডপগুলোতে পুলিশ ও আনসার সদস্য মোতায়েন থাকবেন।
উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুদীপ দাস রিঙ্কু বলেন, পূজার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। উৎসাহ-উদ্দীপনা ও আনন্দমুখর পরিবেশে পূজা উদযাপিত হবে বলে তারা আশা করছেন।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন বলেন, ভক্ত ও দর্শনার্থীদের নির্বিঘ্নে পূজা উদযাপন নিশ্চিত করতে মণ্ডপগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর সার্বক্ষণিক নজরদারি থাকবে। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান বলেন, আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্টদের নিয়ে প্রস্তুতিমূলক সভা করা হয়েছে। সবাই যেন উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন করতে পারেন, সে জন্য প্রশাসন সতর্ক থাকবে।