যশোরের অভয়নগরে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ইমরান হোসেন (৩৮) নামে এক সহকারী শিক্ষককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকালে ঢাকার মিরপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত ২৬ অক্টোবর দুপুরে ওই ছাত্রী শিক্ষকদের মিলনায়তনে গেলে শিক্ষক ইমরান তাকে ডেকে বিদ্যালয়ের শৌচাগারে নিয়ে যান। সেখানে মুখ চেপে ধরে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেছে শিশুটি। বিষয়টি কাউকে জানালে হত্যার হুমকিও দেওয়া হয়েছিল বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
পরদিন শিশুটি বিদ্যালয়ে যেতে না চাইলে মায়ের কাছে ঘটনার কথা জানায়। পরে তাকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় শিশুটি পাঁচ দিন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ছিল।
এ ঘটনায় ২৮ অক্টোবর শিশুটির বাবা অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে মামলা করেন। পরে ধর্ষণে সহযোগিতার অভিযোগে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জুলিয়া আফরিন ও দপ্তরি মোস্তাফিজুর রহমানকে আটক করে পুলিশ। তবে ঘটনার পর থেকে ইমরান আত্মগোপনে ছিলেন।
যশোর পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম জানান, বিভিন্ন স্থানে আত্মগোপনে থাকার পর অভয়নগর থানা-পুলিশের একটি দল ইমরানকে আটক করে। চিকিৎসার পর শিশুটি এখন অনেকটা সুস্থ রয়েছে।
এদিকে, অভিযুক্ত শিক্ষক ইমরান হোসেন ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জুলিয়া আফরিনকে সাময়িক বরখাস্ত করেছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস। ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জি এম আলমগীর কবির জানান, অভিযোগের বিষয়টি জানার পর দুই শিক্ষককে বরখাস্ত করা হয়েছে। দপ্তরির বিষয়ে বিদ্যালয় পরিচালনা কমিটি তদন্ত করে ব্যবস্থা নেবে।