রংপুর নগরীসহ জেলার দুই উপজেলায় ককটেল বিস্ফোরণ ও ককটেলসদৃশ বস্তু নিক্ষেপের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় সন্দেহভাজন চার কিশোরকে আটক করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক কিশোরদের কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতার তথ্য পাওয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে বিস্ফোরণের প্রকৃতি নিয়ে পুলিশের দুই কর্মকর্তার বক্তব্যে ভিন্নতা রয়েছে। এদিকে ঘটনার প্রতিবাদে সোমবার রাতে নগরীতে বিক্ষোভ মিছিল করেছে যুবদল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে ১১টার দিকে নগরীর কোতোয়ালি থানার বিএনসিসি মোড়ে একটি ককটেল বিস্ফোরিত হয়। একই সময়ে মিঠাপুকুর থানার সামনে ওভারব্রিজের নিচে চারটি ককটেল নিক্ষেপ করা হয়। তবে সেগুলো বিস্ফোরিত হয়নি। ঘটনাস্থল থেকে পাঁচটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করা হয়। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়েছিল এবং বাকি চারটি অবিস্ফোরিত অবস্থায় ছিল। পরে পুলিশ সেগুলো উদ্ধার করে নিষ্ক্রিয় করে।
অন্যদিকে, গঙ্গাচড়া সরকারি কলেজের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় সন্দেহভাজন চার কিশোরকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিরা হলেন গঙ্গাচড়া উপজেলার পূর্ব মধ্যপাড়া এলাকার আলী মোহাম্মদ শাহরিয়ার হৃদয়, যশোরের মনিরামপুর উপজেলার রাকিবুজ্জামান রাকিব, লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার কাশিমবাজার এলাকার আসয়োত মুবিন স্বরূপ এবং রংপুর নগরের পাগলাপীর মহাদেবপুর এলাকার নাহিদ হোসেন।
গঙ্গাচড়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) মশিউর রহমান জানান, আটক কিশোরদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার তাঁদের আদালতে পাঠানো হয়েছে।
রংপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (ডিবি) সনাতন চক্রবর্তী বলেন, ককটেল বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। পটকা জাতীয় কোনো বস্তু বিস্ফোরিত হয়ে থাকতে পারে।
পুলিশের ধারণা, এলাকায় আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে এসব ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে। তবে এ বিষয়ে তদন্তের মাধ্যমে বিস্তারিত তথ্য জানা যাবে।