নিষিদ্ধ পলিথিন মজুত ও বিক্রির বিরুদ্ধে চাঁদপুরের বাবুরহাট বাজারে অভিযান চালিয়ে প্রায় ১.৭ টন পলিথিন জব্দ করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। বৃহস্পতিবার বিকেলে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে তিন ব্যবসায়ীকে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়।
জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্লাহ অভিযানে নেতৃত্ব দেন। এ সময় বশির পাটোয়ারী, মাহবুব ও ফখরুদ্দিনের গোডাউন ও দোকান থেকে নিষিদ্ধ পলিথিন উদ্ধার করা হয়।
অভিযানে বশির পাটোয়ারীর কাছ থেকে ১ হাজার ৫৮৩ কেজি, মাহবুবের কাছ থেকে ৭০ কেজি এবং ফখরুদ্দিনের কাছ থেকে ৪৩ কেজি পলিথিন জব্দ করা হয়। জরিমানা হিসেবে বশির পাটোয়ারীকে ৫০ হাজার টাকা এবং অন্য দুজনকে ২৫ হাজার টাকা করে দিতে হয়।
পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া অভিযানে প্রসিকিউশন দেন। পুলিশের একটি দলও আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করে। পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মো. মিজানুর রহমান বলেন, নিষিদ্ধ পলিথিনের ব্যবহার ও বেচাকেনা বন্ধে নিয়মিত অভিযান চালানো হবে।




