কক্সবাজারের উখিয়ায় পুলিশের পৃথক অভিযানে বিভিন্ন মামলার সাত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে দুটি মামলায় সাজাপ্রাপ্ত দুজন এবং গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত চারজন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় এসব অভিযান চালানো হয়।
রবিবার (৮ নভেম্বর) উখিয়া থানা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে চারজন জিআর মামলার পরোয়ানাভুক্ত, দুজন সিআর মামলায় সাজাপ্রাপ্ত এবং একজন নিয়মিত মামলার আসামি।
সাজাপ্রাপ্তরা হলেন জালিয়াপালং ইউনিয়নের মধ্যম নিদানিয়া এলাকার নুরুল আমিন ও হলদিয়াপালং ইউনিয়নের মরিচ্যাপালং এলাকার ছালেহ আহমদ। নুরুল আমিনকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দুই লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। অন্যদিকে, ছালেহ আহমদকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাকে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
এ ছাড়া জিআর মামলার পরোয়ানায় গ্রেপ্তার হয়েছেন খাইরুল আমিন, নুর মোহাম্মদ মিজান, কামাল উদ্দিন ও রুবেল। নিয়মিত মামলায় গ্রেপ্তার করা হয়েছে মোহাম্মদ ছলিমকে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ছয়জনের বিরুদ্ধে আটটি পৃথক গ্রেপ্তারি পরোয়ানা ছিল। পরোয়ানাগুলো কার্যকর করে তাদের কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে।