গাজীপুরের কালিয়াকৈরে চন্দ্রা এপেক্স ফুটওয়্যার লিমিটেডের ইউনিট-১-এর শ্রমিকেরা ১৬ দফা দাবি আদায়ে কর্মবিরতি পালন করেছেন। একই সঙ্গে দাবি বাস্তবায়নে কর্তৃপক্ষকে ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তারা। শ্রমিকদের দাবির বিষয়ে মালিকপক্ষের সঙ্গে আলোচনা করতে রোববার ও সোমবার দুই দিনের ছুটি ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ।
রোববার সকালে ছুটি শেষে শ্রমিকেরা কারখানায় উপস্থিত হলেও কাজে যোগ দেননি। তারা কারখানার মাঠে জড়ো হয়ে বিভিন্ন দাবিতে স্লোগান দেন। এ সময় আগের হামলায় আহত শ্রমিকদের ঘটনার সুষ্ঠু বিচার, কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিত করা এবং ১৬ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান।
শ্রমিকদের অভিযোগ, গত মঙ্গলবার আন্দোলন চলাকালে কারখানার প্রধান ফটক বন্ধ রেখে উৎপাদন কার্যক্রম চালু রাখা হয়। এ সময় বাইরে থেকে বিক্ষুব্ধ শ্রমিকেরা কারখানার ভেতরে ইট-পাটকেল নিক্ষেপ করেন। পরে কারখানা ছুটি হলে শ্রমিকেরা বের হওয়ার সময় প্রধান ফটকের সামনে বহিরাগতদের হামলায় বেশ কয়েকজন আহত হন।
এ ঘটনায় দুজন শ্রমিক নিহত হওয়ার গুজব ছড়িয়ে পড়লে কারখানায় আতঙ্ক ও উত্তেজনা তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে কর্তৃপক্ষ টানা চার দিনের ছুটি ঘোষণা করেছিল।
এপেক্স ফুটওয়্যার লিমিটেডের উপমহাব্যবস্থাপক (মানবসম্পদ ও প্রশাসন) জানান, শ্রমিকদের উত্থাপিত ১৬ দফা দাবি মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ জন্য রোববার ও সোমবার কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।