সাতক্ষীরার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ১ কোটি ৩৮ লাখ ৮২ হাজার টাকা মূল্যের ভারতীয় হেরোইন ও মাদক তৈরির রাসায়নিক উপাদান উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (৭ নভেম্বর) বিকেলে ১৭ বিজিবির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, দেবহাটা উপজেলায় পৃথক দুটি অভিযানে এসব মাদকদ্রব্য ও কাঁচামাল উদ্ধার করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, গত ৩ নভেম্বর সকালে গোপন তথ্যের ভিত্তিতে শাখরা বিওপির একটি টহল দল শাখরা ব্রিজসংলগ্ন বাঁশবাগানে তল্লাশি চালায়। এ সময় ভারতীয় ‘মার্টিনি ড্রাগস’ লেখা ২০০ মিলিলিটারের পাঁচটি বোতল পাওয়া যায়। এগুলো হেরোইন তৈরিতে ব্যবহৃত রাসায়নিক কাঁচামাল বলে শনাক্ত করা হয়েছে। এর আনুমানিক বাজারমূল্য ৯৭ লাখ ৫০ হাজার টাকা।
অন্যদিকে, গত ৫ নভেম্বর কুলিয়া রোডের ঋষিপাড়া বড় বাগান এলাকায় অভিযান চালিয়ে ২ কেজি ৬৬ গ্রাম ভারতীয় হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকের বাজারমূল্য প্রায় ৪১ লাখ ৩২ হাজার টাকা।
জব্দ করা রাসায়নিক উপাদান ও হেরোইন পরীক্ষার জন্য খুলনা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগারে পাঠানো হয়েছিল। বৈজ্ঞানিক পরীক্ষায় সেগুলো মাদক এবং মাদক তৈরিতে ব্যবহৃত নিষিদ্ধ উপাদান হিসেবে শনাক্ত হয়।
১৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আবু সহল আব্দুল্লাহ অভিযানের তথ্য নিশ্চিত করে জানান, সীমান্ত দিয়ে মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে বিজিবির তৎপরতা অব্যাহত রয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে।