কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, মাদক কারবার ও সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৭২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। পাশাপাশি কিশোর গ্যাংয়ের ৪৭০ সদস্যকে আটক করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) চট্টগ্রাম রেঞ্জ পুলিশের কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলার আসামি ৮৪ জন, আগের মামলার আসামি ৩২৪ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ৩৬ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ১৪ জন এবং ১৫১ ধারাসহ অন্যান্য আইনে ৪৯ জন রয়েছেন। এ ছাড়া বিভিন্ন পরোয়ানায় ১৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মাদকবিরোধী অভিযানে মাদক মামলায় ৬৫ জনসহ বিভিন্ন মামলায় মোট ৯৯ জনকে আটক করা হয়। তাঁদের মধ্যে ৩৪ জন মাদক ব্যবসায়ী। অভিযানে ১৩ হাজার ৭১১ পিস ইয়াবা, ১০ লিটার চোলাই মদ, ১১ বোতল বিদেশি মদ, ২৮ বোতল স্কাফ সিরাপ ও ৩ কেজি ১৭৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৮ জনকে কারাদণ্ড এবং ১২ হাজার ৪০৫ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া ২৩টি মাদক মামলা দায়ের করা হয়েছে।
অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ২৭৮ সদস্যকেও গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে কুমিল্লায় সর্বোচ্চ ১০১ জন, চট্টগ্রামে ৫৬, খাগড়াছড়িতে ২৩, চাঁদপুর ও নোয়াখালীতে ২০ জন করে, ব্রাহ্মণবাড়িয়ায় ১৬, লক্ষ্মীপুরে ১৫, ফেনীতে ১৪, কক্সবাজারে ৮ এবং রাঙামাটিতে ৫ জন রয়েছেন।
অন্যদিকে, কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৭০ জনের মধ্যে ২৭৩ জনকে মুচলেকা নিয়ে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। বাকি ১৯৭ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এ অভিযানে কুমিল্লায় ১৬৫ জন, চট্টগ্রামে ৭৯, লক্ষ্মীপুরে ৫৯, চাঁদপুরে ৩২, খাগড়াছড়িতে ৩১, নোয়াখালীতে ২৮, ব্রাহ্মণবাড়িয়ায় ২৭, কক্সবাজারে ২১, রাঙামাটিতে ১৪ এবং বান্দরবানে ১৪ জন আটক হন।
জননিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে চট্টগ্রাম রেঞ্জ পুলিশ।