কক্সবাজারের টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে সেনা সদস্য মো. তিতাস শেখ নিহতের ঘটনায় তিনটি পৃথক মামলা হয়েছে। এসব মামলার মধ্যে রয়েছে হত্যা, মানবপাচার ও অস্ত্র আইনের অভিযোগ। এ ঘটনায় আটক ছয়জনকে আদালতে পাঠানো হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ জানায়, ৮ নভেম্বর রাতে সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার মিনাজুল ইসলাম বাদী হয়ে হত্যা মামলাটি করেন। অন্যদিকে থানার উপপরিদর্শক (এসআই) সৈকত মজুমদার বাদী হয়ে অস্ত্র ও মানবপাচার আইনে আরও দুটি মামলা দায়ের করেন।
পুলিশের ভাষ্য অনুযায়ী, অভিযানের সময় আটক ছয়জনের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে তাদের কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে।
এর আগে গত ৫ নভেম্বর টেকনাফের হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী এলাকার দুর্গম পাহাড়ে অভিযান চালায় সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ দল। আইএসপিআরের তথ্য অনুযায়ী, সেখানে একটি সশস্ত্র মানবপাচারকারী চক্র প্রায় ১২০ জন রোহিঙ্গা ও বাঙালিকে আটকে রেখেছিল।
অভিযান চলাকালে সশস্ত্র ব্যক্তিরা যৌথ বাহিনীকে লক্ষ্য করে গুলি ছুড়লে সংঘর্ষ শুরু হয়। এতে সেনাসদস্য তিতাস শেখ বাম কাঁধে গুলিবিদ্ধ হন। পরে গুরুতর অবস্থায় তাকে রামু সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অভিযানস্থল থেকে দুটি পিস্তল ও চার রাউন্ড গুলিসহ ছয়জনকে আটক করা হয়েছিল।