খাদ্য তৈরি ও পরিবেশনে নানা অনিয়মের অভিযোগে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে চারটি হোটেল ও খাদ্যপণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে মোট ৪ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ২টা ৪০ মিনিট পর্যন্ত সান্তাহার রেলওয়ে স্টেশন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন আদমদীঘি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল ইসলাম।
অভিযানে প্রতিষ্ঠানগুলোর রান্নাঘর, খাবার সংরক্ষণ ও পরিবেশন ব্যবস্থায় গুরুতর অসংগতি ধরা পড়ে। বিসমিল্লাহ হোটেলে আবর্জনার পাশে মরিচ শুকানো, নিষিদ্ধ শিল্পলবণ দিয়ে খাবার তৈরি এবং অপরিচ্ছন্ন স্থানে থালাবাসন পরিষ্কারের প্রমাণ পাওয়া যায়।
গ্রামীণ ফুডসে মেয়াদসংক্রান্ত তথ্য ছাড়াই পুরোনো মাওয়া, ক্ষীর ও দুধের ছানা সংরক্ষণ করা হচ্ছিল। পাশাপাশি আমদানির বৈধ কাগজপত্র ছাড়াই বিদেশি চকলেট ও খাদ্যপণ্য মজুতের বিষয়টি উঠে আসে। মৌবন ফুডসের তৈরি খাবারে পোকা পাওয়া যায়। প্রতিষ্ঠানটির পণ্যের মোড়কেও উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ ছিল না।
অন্যদিকে, হোটেল স্টারে কাঁচা ও রান্না করা খাবার একই ফ্রিজে রাখা এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরির চিত্র দেখা যায়। পত্রিকার কালি লাগানো কাগজ ব্যবহার করে খাবার পরিবেশন ও সংরক্ষণের ঘটনাও ধরা পড়ে।
এসব অপরাধে বিসমিল্লাহ হোটেলকে এক লাখ টাকা, গ্রামীণ ফুডসকে তিন লাখ টাকা, মৌবন ফুডসকে পাঁচ হাজার টাকা এবং হোটেল স্টারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়েছে।
অভিযান শেষে প্রতিষ্ঠানগুলোর মালিকদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় নিয়ম মেনে ব্যবসা পরিচালনার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি বিভিন্ন অনিয়মের বিষয়ে ব্যাখ্যা চেয়েছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বগুড়া জেলা কার্যালয়।
নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল অভিযান পরিচালনার বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযানে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি সান্তাহার ফাঁড়ি পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।