সাতক্ষীরার তালা উপজেলায় মাছ চুরির সন্দেহে ক্ষিতিশ মন্ডল (৫৩) নামে এক মাছ চাষীকে গাছে বেঁধে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৬ অক্টোবর) ভোররাতে উপজেলার জিয়ালা গ্রামের উত্তর খোলা বিলে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর বেলা ১১টার দিকে তার মৃত্যু হয়।
নিহত ক্ষিতিশ মন্ডল জিয়ালা গ্রামের মৃত মনিন্দ্র নাথ মন্ডলের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত আনুমানিক ৩টার দিকে বিশ্বনাথ ঘোষের মাছের ঘেরে চুরির সন্দেহে তাকে আটক করা হয়। পরে তাকে জিয়ালা শ্মশানঘাট এলাকায় নিয়ে গাছের সঙ্গে বেঁধে মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় বিশ্বনাথ ঘোষ, শিমুল ঘোষ, সমর ঘোষ, ইব্রাহিম খাঁ, হাবিবুর গাজী ও গফফার শেখসহ ১০ থেকে ১৫ জনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, ক্ষিতিশকে রাতভর মারধর করা হয় এবং তার হাত-পা ভেঙে দেওয়া ও মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। একপর্যায়ে স্বজনরা তাকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের চাচাতো ভাই পার্থ মন্ডল বলেন, ক্ষিতিশের নিজেরও চার বিঘা জমিতে মাছের ঘের রয়েছে। মাছ চুরির সন্দেহে কাউকে এভাবে নির্যাতন করে হত্যা করা মেনে নেওয়া যায় না। তিনি এ ঘটনার ন্যায়বিচার দাবি করেন।
তালা থানার উপপরিদর্শক (এসআই) মহসিন আলী জানান, মাছ চুরির অভিযোগে ক্ষিতিশকে পিটিয়ে হত্যার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।




