চাঁদপুরের ফরিদগঞ্জে সড়ক পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় শংকর চন্দ্র শীল (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের রূপসা উত্তর ইউনিয়নের নারিকেলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শংকর চন্দ্র শীল ফরিদগঞ্জ পৌরসভার দক্ষিণ কাছিয়াড়া এলাকার বাসিন্দা। তিনি সরকারি চাকরি থেকে অবসরে ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে নারিকেলতলা এলাকায় সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান। স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য চাঁদপুরে পাঠানো হয়। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. মুজাম্মেল হোসেন জানান, গুরুতর আহত অবস্থায় ওই বৃদ্ধকে হাসপাতালে আনার পর প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছিল। পরে উন্নত চিকিৎসার জন্য চাঁদপুরে পাঠানো হয়।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদ উল্যাহ জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।




