কুড়িগ্রাম সদর উপজেলার জাহিদ হাসান বশির হত্যা মামলায় এজাহারভুক্ত সাত আসামির মধ্যে ছয়জনকে চূড়ান্ত অভিযোগপত্র থেকে বাদ দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে মামলার পুনঃতদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী।
বুধবার (১১ নভেম্বর) সকাল ১১টায় কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। পরে একটি বিক্ষোভ মিছিল নিয়ে পুলিশ সুপারের কার্যালয়ে যান তারা। সেখানে স্মারকলিপি দিয়ে মামলার বাদ পড়া আসামিদের বিরুদ্ধে অভিযোগ পুনরায় তদন্তের দাবি জানানো হয়।
স্মারকলিপি সূত্রে জানা যায়, ২০২৫ সালের ৪ ডিসেম্বর রাত সাড়ে ৮টার দিকে কুড়িগ্রাম সদর উপজেলার মোগলবাসা ইউনিয়নের কেকতির পাড় গ্রামে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অটোরিকশাচালক জাহিদ হাসান বশিরকে আসাদুজ্জামান ও তার পরিবারের সদস্যরা বাড়িতে ডেকে নিয়ে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় নিহতের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে সাতজনকে আসামি করে কুড়িগ্রাম সদর থানায় হত্যা মামলা করেন।
বাদীর অভিযোগ, তদন্তকারী কর্মকর্তা ২০২৬ সালের ১৩ সেপ্টেম্বর আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেন। এতে এজাহারভুক্ত সাত আসামির মধ্যে শুধু ১ নম্বর আসামিকে রেখে বাকি ছয়জনকে বাদ দেওয়া হয়েছে। পাশাপাশি নতুন কয়েকজনের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।
পুলিশ সুপারের কাছে দেওয়া আবেদনে বাদীপক্ষ উল্লেখ করেছে, প্রধান আসামি জিজ্ঞাসাবাদে নিজের পরিবারের সদস্যদের সংশ্লিষ্টতার বিষয়টি এড়িয়ে গিয়ে হত্যাকাণ্ডে জড়িত হিসেবে কয়েকজন বন্ধুর নাম বলেছেন। পরবর্তী সময়ে তদন্ত প্রতিবেদনেও পরিবারের ছয় সদস্যকে বাদ দিয়ে বন্ধুদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে বলে তাদের দাবি।
আবেদনে আরও বলা হয়, হত্যাকাণ্ডের ঘটনাস্থল ছিল প্রধান আসামির বাড়ির আঙিনা। সেখানে জাহিদ হাসান বশিরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও মারধর করে হত্যা করা হয় বলে অভিযোগ রয়েছে। এজাহার ও সংশ্লিষ্ট আলামত বিবেচনায় প্রধান আসামির পরিবারের সদস্যদের ভূমিকা যথাযথভাবে তদন্তের দাবি জানিয়েছেন বাদীপক্ষ।
এ ছাড়া নিহতের স্ত্রীর সঙ্গে প্রধান আসামির অনৈতিক সম্পর্ক ছিল বলে স্মারকলিপিতে অভিযোগ করা হয়েছে। এ নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ চলছিল এবং একাধিকবার সালিস-বৈঠকও হয়েছিল বলে দাবি বাদীপক্ষের।
তাদের আশঙ্কা, এসব বিষয় তদন্তে যথাযথ গুরুত্ব না পাওয়ায় প্রকৃত অপরাধীরা বিচারের বাইরে থেকে যেতে পারেন। এ কারণে মামলার সব দিক পুনরায় পর্যালোচনা, বাদ পড়া আসামিদের সংশ্লিষ্টতা যাচাই এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার জন্য পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন নিহতের বাবা রফিকুল ইসলাম।
মানববন্ধনে বক্তব্য দেন মোছা. আয়শা বেগম, আরিফা বেগম, মো. খায়রুজ্জামান ও আলআমীন মিয়াসহ অন্যরা।