শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনে জামালপুরের ২২৭টি পূজামণ্ডপের নিরাপত্তায় সক্রিয় রয়েছে ৩৫ বিজিবি। এ উপলক্ষে পূজা উদযাপন কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি শহরের বিভিন্ন মন্দির পরিদর্শন করেছেন বাহিনীর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান পিএসসি।
পরিদর্শনকালে তিনি দয়াময়ী মন্দির, ঠাকুরবাড়ি মন্দির, দুর্গাবাড়ী মন্দির ও ত্রিনয়নী মন্দিরসহ বিভিন্ন পূজামণ্ডপের নিরাপত্তাব্যবস্থা ঘুরে দেখেন। পূজাকে কেন্দ্র করে যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সে জন্য প্রশাসনের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়।
এ ছাড়া দুর্গাপূজা উপলক্ষে সীমান্ত এলাকায় মাদক পাচার ও চোরাচালান ঠেকাতেও ৩৫ বিজিবির তৎপরতা অব্যাহত রয়েছে।




