উপজেলা পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম বিস্তৃত করতে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের ১৩টি ইউনিয়নে পূর্ণাঙ্গ কমিটি গঠনের ওপর গুরুত্ব দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার উপজেলা সদরের ভাই ভাই হোটেলে দলের নবগঠিত ৫৫ সদস্যের আহ্বায়ক কমিটির পরিচিতি সভায় এ বিষয়ে আলোচনা হয়।
উপজেলা এনসিপির আহ্বায়ক মোহাম্মদ কামরুজ্জামান খান কাইয়ুমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয়। সভা পরিচালনা করেন সাংগঠনিক সম্পাদক জুয়েল আহমেদ।
এতে বক্তব্য দেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. হাফিজ মিয়া, যুগ্ম আহ্বায়ক মীরু আহমেদ ভূইয়া, সদস্য সচিব মিজান চৌধুরী, জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক এটিএম সাইফুজ্জামান জনি, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ইসমাইল আহমেদ শুভ, যুগ্ম সদস্য সচিব সাদ্দাম হোসেন ও উজ্জ্বল মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক মাহফুজ মিয়া এবং সদস্য মেহেদী হাসান ও আবদুল হকসহ অন্য নেতারা।
বক্তারা বলেন, দলের সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করতে ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠন জরুরি। এ জন্য দ্রুততম সময়ে ১৩টি ইউনিয়নে পূর্ণাঙ্গ কমিটি গঠন এবং আগামী দিনের কর্মসূচি বাস্তবায়নে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।
গত ২৮ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির অনুমোদনে নাসিরনগর উপজেলা এনসিপির ৫৫ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।




