নোয়াখালীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন যুবলীগ এবং ছাত্রলীগের ৩৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাত থেকে বুধবার (১১ নভেম্বর) ভোর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে দলগুলোর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী রয়েছেন। পুলিশ জানিয়েছে, তারা নাশকতা ও সন্ত্রাসবিরোধী মামলার আসামি।
গ্রেপ্তার উল্লেখযোগ্য ব্যক্তিরা হলেন জেলা যুবলীগ নেতা আতাউস সামাদ আদনান ও মাহমুদুল হাসান দিদার, সেনবাগ উপজেলার কেশারপাড় ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক ভূঁইয়া, ছাতারপাইয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুস সাত্তার, নবীপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম খলিল ইকবাল মেম্বার এবং ছিলোনিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রনি।
বুধবার দুপুরে জেলার পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, জেলাব্যাপী পুলিশের অভিযানে মঙ্গলবার ১৬ জন এবং বুধবার আরও ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা আগে দায়ের হওয়া নাশকতা ও সন্ত্রাসবিরোধী মামলার আসামি। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।