গাজীপুরের কালিয়াকৈরে মধ্যাহ্ন বিরতির পর আবারও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের চেষ্টা করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করলে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যান।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা ২টার দিকে উপজেলার হরিণহাটি এলাকায় এ ঘটনা ঘটে। শ্রমিকরা কারখানায় কাজে যোগ না দিয়ে মহাসড়কের পাশে অবস্থান নেন। একপর্যায়ে তারা সড়কে ময়লা-আবর্জনার বস্তা ফেলে যানবাহন চলাচল বন্ধ করে দেন।
এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করেন। এতে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যান।
এর আগে বৃহস্পতিবার সকালে উপজেলার মৌচাক এলাকায় শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। প্রায় এক ঘণ্টা পর পুলিশ ধাওয়া দিয়ে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে বিক্ষোভকারীরা সেখান থেকে সরে যান।
কালিয়াকৈর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, দুপুরে শ্রমিকরা হঠাৎ সড়কে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেন। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে থাকায় দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। পুরো এলাকায় পুলিশ ও বিজিবি মোতায়েন রয়েছে।