একসময় মেধা ও পরিশ্রমের মাধ্যমে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে জায়গা করে নিয়েছিলেন জাহাঙ্গীর আলম নিশান। বর্তমানে তিনি রাজধানীর ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। হৃদ্‌যন্ত্র, লিভার ও কিডনির জটিলতায় আক্রান্ত এই শিক্ষকের চিকিৎসা চালিয়ে যেতে প্রয়োজন বিপুল অর্থ। পরিবারের পক্ষে ব্যয়ভার বহন করা কঠিন হয়ে পড়ায় তার জীবন রক্ষায় আর্থিক সহযোগিতার আবেদন জানানো হয়েছে।
জাহাঙ্গীর আলম নিশান কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বাসিন্দা। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সাবেক শিক্ষার্থী। ৪৪তম বিসিএসের মাধ্যমে শিক্ষা ক্যাডারে নিয়োগ পাওয়ার পর বর্তমানে কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজে প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করছেন।
সহপাঠী ও সহকর্মীদের কাছে নিশান একজন সৎ, নীতিবান ও আত্মমর্যাদাসম্পন্ন মানুষ হিসেবে পরিচিত। ব্যক্তিগত জীবনে কারও কাছে সহযোগিতা চাইতে অভ্যস্ত ছিলেন না তিনি। কিন্তু গুরুতর অসুস্থতায় এবার তাঁর চিকিৎসার জন্য সবার সহযোগিতা প্রয়োজন হয়ে পড়েছে।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজধানীর হাসপাতালে তার চিকিৎসা অব্যাহত রাখতে উল্লেখযোগ্য পরিমাণ অর্থের প্রয়োজন। এককভাবে এই ব্যয় বহন করা পরিবারের পক্ষে সম্ভব হচ্ছে না। এ পরিস্থিতিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সহকর্মী, বন্ধু-বান্ধব এবং সমাজের সামর্থ্যবান মানুষের প্রতি সহায়তার আহ্বান জানানো হয়েছে।
আবেদনকারীরা জানিয়েছেন, সামর্থ্য অনুযায়ী যে কোনো পরিমাণ অর্থ সহায়তা তার চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আর্থিক সহযোগিতা সম্ভব না হলেও আবেদনটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছেন তারা।
চিকিৎসা সহায়তা পাঠানোর মাধ্যম:
* বিকাশ: 01751797420
* নগদ: 01576962868
ব্যাংক হিসাব:
1. ডাচ্-বাংলা ব্যাংক, প্রগতি সরণি শাখা হিসাবধারী: Azizul Haque Mondol সম্পর্ক: রোগীর বোনজামাই হিসাব নম্বর: 1931031098275
2. ইস্টার্ন ব্যাংক (EBL), সাত মসজিদ রোড শাখা হিসাবধারী: Md Azizul Haque Mondol সম্পর্ক: রোগীর বোনজামাই হিসাব নম্বর: 1081260054883
স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা জাহাঙ্গীর আলম নিশানের সুস্থতা কামনা করে সবার কাছে দোয়া ও প্রার্থনা চেয়েছেন। তাদের প্রত্যাশা, সম্মিলিত সহযোগিতায় আবারও সুস্থ হয়ে কর্মস্থলে ফিরবেন এই শিক্ষক।
মানবিক সহায়তার হাত বাড়িয়ে একজন শিক্ষকের চিকিৎসায় পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তার স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা।