জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার স্বাস্থ্য খাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট বরাদ্দ দিয়েছে বলে জানিয়েছেন নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) নারায়ণগঞ্জের রূপগঞ্জে দাউদপুর জেনারেল হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, স্বাস্থ্য খাতে বরাদ্দের অর্থ যথাযথভাবে কাজে লাগিয়ে সুস্থ ও সমৃদ্ধ জাতি গঠন সরকারের অন্যতম লক্ষ্য। স্বাস্থ্যসেবাকে সাধারণ মানুষের নাগালের মধ্যে আনতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে।
তিনি বলেন, নির্বাচনের আগে ঘোষিত ৩১ দফার আলোকে জনকল্যাণমূলক কর্মসূচি এগিয়ে নেওয়া হচ্ছে। নারীদের আর্থিক সক্ষমতা বাড়াতে ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষক কার্ড এবং ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধানদের সম্মানী ভাতা চালু করা হয়েছে। পাশাপাশি ক্রীড়াবিদদের জন্য ক্রীড়া কার্ডের ব্যবস্থাও করা হয়েছে।
স্বাস্থ্য অবকাঠামোর উন্নয়ন প্রসঙ্গে জাহিদ হোসেন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো ৩১ শয্যায় উন্নীত করা হয়। পরবর্তী সময়ে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উদ্যোগে সেগুলো ৫০ শয্যায় রূপান্তরিত হয়। সেই ধারাবাহিকতায় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো ১৫১ শয্যায় উন্নীত করার কার্যক্রম হাতে নিয়েছেন।
মন্ত্রী আরও বলেন, দেশের সব সমস্যার সমাধান শুধু সরকারের পক্ষে করা সম্ভব নয়। এ জন্য সমাজের বিত্তবানসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন। জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে মানুষের কল্যাণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। এ ধরনের সামাজিক উদ্যোগে সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও আশ্বাস দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু বলেন, গত ১৭ বছরে বাংলাদেশ থেকে প্রায় ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। অর্থনীতিকে ভঙ্গুর ও বিশৃঙ্খল অবস্থায় পাওয়া গেছে উল্লেখ করে তিনি বলেন, এ পরিস্থিতি কাটিয়ে অর্থনীতিকে স্বাভাবিক ধারায় ফিরিয়ে আনতে সময়ের প্রয়োজন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া (দিপু), রাজিয়া মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারম্যান ডা. মুহাম্মদ ওয়াহেদুর রহমান, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা এবং বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।