ফেনীতে অপরাধবিরোধী অভিযানে ডাকাত দলের আট সদস্যসহ বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ২৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে ২২ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
রবিবার (৮ নভেম্বর) পুলিশ সুপারের নির্দেশনায় ফেনী মডেল থানা এলাকায় এ অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ডাকাত দলের সক্রিয় সদস্য ও একাধিক মামলার আসামি আটজন রয়েছেন। তারা হলেন মো. ইব্রাহিম, মনির হোসেন, শহিদুল আলম খান সাব, নাজিম পাটোয়ারী, ইলিয়াস, রিয়াদ, আরিফুল ইসলাম বাবু ও শহিদুল ইসলাম শুভ।
এ ছাড়া মাদকবিরোধী অভিযানে ইমন ও আরিয়ান হোসেন আরিফ নামে দুজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ২২ পিস ইয়াবা পাওয়া গেছে। অভিযানে সিসার সরঞ্জাম, পরোয়ানাভুক্ত আসামি ও মাদকসেবীরাও পুলিশের হাতে আটক হয়েছেন।
এর আগে শনিবার পৃথক অভিযানে কিশোর গ্যাংয়ের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। তারা হলো পারভেজুল ইসলাম, জিহাদ, ইসমাইল হোসেন ও আবু সানিয়াদ নিরব। তাদের বিরুদ্ধে ফেনী সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা শেষে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
জেলা পুলিশ আরও জানিয়েছে, মাদক কারবার, কিশোর গ্যাংয়ের তৎপরতা এবং অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ কার্যক্রম অব্যাহত থাকবে।



